বাঘাইছড়িতে পাহাড় কাটা চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড় কাটা চলছেই। পাহাড় কেটে মাটি নেওয়া হচ্ছে ইটভাটায়। এ ছাড়া নিচু জমি ভরাটসহ বিভিন্ন কাজে পাহাড়া কাটা মাটি ব্যবহার করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বাঘাইছড়ি ইউনিয়নের রাবারবাগান এলাকা, মারিশ্যা ইউনিয়নের তুলাবান এলাকা ও লাল্যাঘোনা এলাকায় পাহাড় কাটা হচ্ছে। কিছু অসাধু ট্রাক্টরমালিক পাহাড় কেটে বিভিন্ন এলাকায় মাটি নিয়ে যাচ্ছেন।
ট্রাক্টরমালিকেরা জানান, জমি চাষ করার জন্য উপজেলায় ৪০ থেকে ৪৫টি ট্রাক্টর কেনা হয়েছে। কিন্তু তা না করে সেসব ট্রাক্টর মাটি, বালু ও সংরক্ষিত বন থেকে কাঠ পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। বেশি লাভের আশায় একশ্রেণীর অসাধু ব্যবসায়ী পাহাড় কেটে মাটি পরিবহনের কাজ করেন। এ ছাড়া কাঠও পরিবহন করা হয়।
ট্রাক্টরমালিক মো. শাহ আলম বলেন, ‘জমি চাষ করার জন্য ট্রাক্টর আনা হলেও কেউ তা করেন না। সবাই মাটি ও কাঠ পরিবহন করেন।’
পাহাড় কাটায় নিয়োজিত শ্রমিক মো. মোক্তার হোসেন বলেন, ‘আমরা দিনমজুর হিসেবে পাহাড় কাটার কাজ করি।’
হাজীপাড়া গ্রামের মো. আজিজুল বলেন, ‘আমি চার শতাংশ নিচু জমি কিনেছি। সেই জমির দাম পড়েছে এক লাখ টাকা। কিন্তু বসতবাড়ি নির্মাণের উপযোগী করতে আরও এক লাখ টাকার মাটি ফেলতে হচ্ছে। এক গাড়ি মাটি ৫০০ টাকা করে কিনে ফেলতে হচ্ছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী প্রথম আলোকে বলেন, কোন এলাকায় পাহাড় কাটা হচ্ছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।