বাঘাইছড়িতে পাহাড় থেকে পড়ে মা-হাতির মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নে হাজাছড়া এলাকায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) একটি মা-হাতি পাহাড় থেকে পড়ে মারা গেছে। বিএফআইডিসির প্রতিনিধি মো. রুহুন আমিন গতকাল শুক্রবার বাঘাইছড়ি থানাকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে হাজাছড়ার ২০০ ফুট ওপরের পাহাড় থেকে বিজয় রানী নামের একটি হাতি পড়ে যায়। পরদিন দুপুরে মাহুত করুণাময় চাকমা ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বিজয় রানীকে উদ্ধারের চেষ্টা করেন। পরে বৃহস্পতিবার স্থানীয় প্রাণিসম্পদ কার্যালয়ে খবর দেওয়া হলে চিকিৎসক যাওয়ার আগেই হাতিটি মারা যায়। শোভা রানী নামে এক বাচ্চা রয়েছে বিজয় রানীর।
বিএফআইডিসি ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় দুটি বাচ্চাসহ বিএফআইডিসির পাঁচটি হাতি রয়েছে। দুই বাচ্চা বনশোভা ও শোভা রানীকে ইউরোপের দেশ সাইপ্রাসকে উপহার দেওয়ার জন্য ইতিমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সে জন্য তাদের বাঘাইহাট এলাকার আশপাশে রাখা হয়। আর তিনটি বয়স্ক হাতি সেন বাহাদুর, বিজয় রানী ও মুক্তি রানীকে দুর্গম বঙ্গলতলী ইউনিয়নের হাজাছড়া জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। এই পাঁচটি হাতির মধ্যে সেন বাহাদুর হলো পুরুষ।
মাহুত বীর সেন চাকমা বলেন, ‘আমি ও করুণাময় চাকমা চারটি হাতি দেখাশোনা করতাম। বিজয় রানীকে দেখতেন করুণাময় চাকমা। হাতিটি যখন পাহাড় থেকে পড়ে যায় তখন তিনি খবর দেন। সেখানে গিয়ে দেখি বিজয় রানী কমপক্ষে ২০০ ফুট নিচে পড়ে গেছে। ধারণা করছি, পাথরের ধাক্কা খেয়ে সে মরে গেছে।’ করুণাময় চাকমার মুঠোফোন না থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিএফআইডিসির বাঘাইহাট কার্যালয়ের প্রতিনিধি মো. রুহুল আমিন বলেন, দুর্গম এলাকা হওয়ায় গতকালও ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক জানান, বিএফআইডিসির কর্তৃপক্ষ ঘটনাস্থলে যাওয়ার জন্য পুলিশ চেয়েছে। তিনি বলেন, ‘আমরা শুনেছি বনে হাতি দিয়ে গাছ টানে। সে কারণে হাতির মৃত্যু হতে পারে।’