বাঘাইছড়িতে পাহাড়ধসের ঝুঁকিতে ৪০ পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার কাচালং বাজার এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে আছে ৪০টি পরিবার।
স্থানীয় সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর কাচালং বাজার সড়কের পাশে পাহাড়ে সামান্য ফাটল দেখা দেয়। পরে স্থানীয় লোকজন মাটির বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করে। কিন্তু গত শুক্রবার রাতে বড় আকারে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মডেল টাউন-কাচালং বাজার সড়কের একাংশ বিলীন হয়ে গেছে। সড়কের ইট ও পাহাড়ের মাটি নিচের ছয়টি বাড়ির ওপরে গিয়ে পড়ে। এতে বাড়িগুলো সামান্য ক্ষতিগ্রস্ত হয়।
কাচালং বাজার এলাকার সজল তালুকদার বলেন, বৃষ্টি হলে পাহাড়ধস বেড়ে যায়। পাহাড়ের নিচে ৪০ পরিবারের বসবাস। ভাঙন ঠেকানো না গেলে পুরো পাহাড় এসব বাড়ির ওপর গিয়ে পড়বে।
কাচালং বাজার এলাকার বাপ্পি রাখাইন বলেন, এখন প্রতি রাতে বৃষ্টি হচ্ছে। পাহাড়ধসের আতঙ্কে কাচালং বাজার এলাকার লোকজন রাতে জেগে থাকছে।
কাচালং বাজারের চৌধুরী মো. আলী হোসেন বলেন, কাচালং বাজার এলাকায় পাহাড়ধসের বিষয়টি জেলা পরিষদের চেয়ারম্যানকে জানানো হয়েছে। তিনি পাহাড়ধস রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
পৌরসভার প্যানেল মেয়র মো. আব্দুশ শুক্কুর মিয়া বলেন, পৌরসভার এই মুহূর্তে কোনো বরাদ্দ নেই। তাই পাহাড়ধস রোধে এলাকার লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, পাহাড়ধস রোধে ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে।