বাঘাইছড়িতে প্রাইভেট কারে আগুন, আটক ৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলো এলাকায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীকে বহনকারী প্রাইভেট কারটি পুড়িয়ে দিয়েছে অবরোধকারীরা। এ ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সকাল সাড়ে নয়টায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী দীপংকর চাকমাসহ দুজন প্রাইভেট কার নিয়ে বাঘাইছড়ি যাচ্ছিলেন। তাঁরা মারিশ্যা-দীঘিনালা সড়কের ১২ কিলো এলাকায় পৌঁছলে ১০-১২ জন অবরোধকারী প্রাইভেট কারটির গতিরোধ করে। এরপর প্রাইভেট কার চালক স্বদীপন বড়ুয়াসহ তিনজনকে দ্রুত নামতে বলা হয়। নামার সঙ্গে সঙ্গে প্রাইভেট কারে পেট্রল দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ১১টা দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে পাঁচজনকে আটক করে৷