বাঘাইছড়িতে বাড়ছে তামাক চাষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বাড়ছে তামাক চাষ। পরিবেশবাদীরা বলছেন, এতে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।
কৃষি কার্যালয় সূত্র জানায়, ২০১৩ সালে উপজেলায় এক হাজার ৬০০ ও ২০১৪ সালে দুই হাজার ১০০ একর জমিতে তামাক চাষ হয়। এ বছর তামাক চাষ হয়েছে দুই হাজার ৭০০ একর জমিতে। তামাক কোম্পানিগুলোর প্রলোভনে পড়ে তামাক চাষে ঝুঁকছেন কৃষকেরা। এতে সবজি ও ধান চাষ কমে যাচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ফেব্রুয়ারির মাঝামাঝি তামাকখেত থেকে পাতা ছেঁড়া ও চুল্লিতে পোড়ানো শুরু হয়। পোড়ানো পাতা মে মাসের শুরু থেকে বিক্রি শুরু হয়। এ বছর নয় শতাধিক তামাক চুল্লি থেকে ৫০ কোটি টাকার তামাকপাতা বিক্রি হয়েছে।
কৃষক মো. আবুল খালেক, রিপন বিকাশ চাকমা ও ধনমনি চাকমা বলেন, এক একর জমিতে ধান চাষ করে পাওয়া যায় ৪০ হাজার টাকা। অন্যদিকে এক একর জমিতে তামাক চাষ করে প্রায় দুই লাখ টাকা পাওয়া যায়। তাঁরা বলেন, তামাক চাষ করলে লাভ বেশি হয়। এ জন্য তামাক চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল ইমরান বলেন, ‘তামাক চাষ নিরুৎসাহিত করতে সচেতনতামূলক সভা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় গিয়ে কৃষকদের বোঝানো হচ্ছে। কিন্তু লাভ বেশি হওয়ায় চাষিরা তামাক চাষে ঝুঁকছেন।’
উপজেলা প্রশাসন সূত্র জানায়, বাঘাইছড়িতে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় শতাধিক তামাক চুল্লি আছে। এর মধ্যে ছয় শতাধিক চুল্লি বসানো হয়েছে বাড়ির আঙিনায়। প্রশাসনের নিষেধ সত্ত্বেও তামাক চুল্লিগুলোতে সংরক্ষিত বনের কাঠ পোড়ানো হচ্ছে।
তামাকজনিত কারণে লোকজন শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. ইফতেখারুজ্জামান বলেন, প্রতিদিন শ্বাসকষ্টে ভোগা ১৫ থেকে ২০ জন রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বাঘাইছড়ি পরিবেশ আন্দোলন কমিটির সভাপতি মো. আবুল ফজল বলেন, তামাক চাষের কারণে জনস্বাস্থ্য ও পরিবেশ হুমকির মুখে পড়েছে।