বাঘাইছড়িতে বিজিবি সদস্যের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিয়ালদাই গ্রামে এক আদিবাসী নারীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের শাস্তি দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় গঙ্গারামমুখ এলাকায় সাজেক ভূমিরক্ষা কমিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়েছে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাজেক নারী সমাজের সভাপতি নিরুপা চাকমা। এতে বক্তব্য দেন ইউপিডিএফের সহযোগী সংগঠন পার্বত্য নারী সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি সোনালী চাকমা, শিয়ালদাই গ্রামের কার্বারী ভূজন ত্রিপুরা ও তজেন্দ্র ত্রিপুরা প্রমুখ।
লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, গত ৩ নভেম্বর শিয়ালদাই গ্রামের এক আদিবাসী নারী ছড়া থেকে পানি আনতে যান। এ সময় নবনির্মিত শিলায়দাই বিজিবি ক্যাম্পের সদস্য সিপাহি মো. রফিকুল ওই নারীকে ধর্ষণের চেষ্টা চালায়। সংবাদ সম্মেলনে গ্রাম থেকে বিজিবি ক্যাম্প সরিয়ে নেওয়ারও দাবি জানানো হয়।
খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল খালেদুজ্জামান বলেন, অভিযুক্ত বিজিবির সদস্যকে শৃঙ্খলাভঙ্গের কারণে ইতিমধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাকে চাকরিচ্যুত করার প্রক্রিয়া চলছে। এ ছাড়া দায়িত্ব অবহেলার কারণে ওই ক্যাম্পের দুই বিজিবি সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।