বাঘাইছড়িতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন গ্রাহকেরা। এ সময় উত্তেজিত লোকজন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের ফটক ভাঙচুর করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে বিদ্যুতের দাবিতে উপজেলা সদরের বটতলী এলাকা থেকে গ্রাহকেরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের দিকে যায়। সে সময় আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের কর্মচারীরা ফটকে তালা লাগিয়ে বিজিবির ক্যাম্পে আশ্রয় নেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের ফটক ভেঙে ফেলেন।
বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. এম এম সামছুম মুহিত বলেন, ‘কিছু লোক মিছিলসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের দিকে আসেন। আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের পাশের ক্যাম্প থেকে বিজিবির সদস্যরা গিয়ে উত্তেজিত গ্রাহকদের বুঝিয়ে তাঁদের চলে যেতে বলেন। বিজিবির সদস্যরা যাওয়ার আগে আবাসিক প্রকৌশলীর কার্যালয়ের গেটে হামলা করা হয়।’
বিক্ষোভকারী আনোয়ার হোসেন, দিদারুল আলম ও মোহাম্মদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার রাত নয়টায় বিদ্যুৎ চলে যায়। গতকাল বিকেল পাঁচটায় মাত্র ২০ মিনিটের জন্য বিদ্যুৎ দেওয়া হয়। শত শত গ্রাহক ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও ভাঙচুর করেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বাঘাইছড়ির আবাসিক প্রকৌশলী মো. আহসান উল্লাহ বলেন, ‘গ্রাহকেরা কার্যালয়ের ফটক ভেঙে ফেলেছে। অকারণে এই হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।’