বাঘাইছড়ির ইউএনওকে হত্যার হুমকি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সপরিবারে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷
গতকাল রোববার বেলা পৌনে ১১টার দিকে মুঠোফোনে এ হুমকি দেওয়া হয়েছে। এদিকে দুইটিলা এলাকায় ১৪৪ ধারা জারি রাখার প্রতিবাদে দীঘিনালা-মারিশ্যা ও বাঘাইহাট-দীঘিনালা সড়কে অনির্দিষ্টকালের অবরোধ চলছে৷
গত ২৭ এপ্রিল আদিবাসীরা মারিশ্যা-দীঘিনালা সড়কের পাশে দুইটিলা এলাকায় একটি বৌদ্ধবিহার নির্মাণের উদ্যোগ দেয়। এতে বন বিভাগ, নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও আদিবাসীদের মধ্যে বিরোধ চলে। পরে ৩০ এপ্রিল ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয় এবং সরকারি সম্পদ অবৈধ দখল চেষ্টার অভিযোগে বাঘাইহাট রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাস বাদী হয়ে আদিবাসীদের বিরুদ্ধে মামলা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘আমাকে দুইটিলা অবরোধকারীদের কেউ একজন হুমকি িদয়েছেন৷ বিষয়টি জেলা প্রশাসক ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেছি।’
দুইটিলা এলাকার নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আদিবাসী বলেন, ‘আমাদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকতাকে কোনো হত্যার হুমকি দেওয়া হয়নি৷ আমাদের নাম ভাঙিয়ে অন্য কেউ হুমকি দিলে তার জন্য আমরা দায়ী নয়৷’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা আমাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি অবহিত করেছেন৷’