বাঘাইছড়ির গ্রামে গ্রামে খাদ্যসংকট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চার ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে চরম খাদ্যসংকট দেখা দিয়েছে। এতে তিন হাজারের বেশি পরিবারের অস্তিত্ব হুমকিতে পড়েছে বলে স্থানীয় মৌজা, গ্রামপ্রধান ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনকে জানিয়েছেন৷
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বাঘাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দয়াসিন্দু চাকমা। সম্মেলনে উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা, ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, পৌর মেয়র মো. আলমগীর কবির ও আট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বলা হয়, উপজেলার সাজেক, বাঘাইছড়ি, বঙ্গলতলী ও মারিশ্যা ইউনিয়নের দুর্গম অঞ্চলে আশির দশকে আশপাশের এলাকা থেকে আট হাজারের বেশি উদ্বাস্তু আশ্রয় নেয়। সেখানে তারা জুমচাষ, বাঁশগাছ সংগ্রহ ও বনের সবজি বিক্রি করে জীবিকা নির্বাহ শুরু করে। পার্বত্য চুক্তি অনুযায়ী তাদের পুনর্বাসনের কথা থাকলেও এখন পর্যন্ত তা করা হয়নি৷ সম্প্রতি একমাত্র যোগাযোগমাধ্যম শিজক, কাচালং ও গঙ্গারাম নদী শুকিয়ে যাওয়ায় নৌ-চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া দুর্গম এলাকাগুলোতে জুমের ফসল উৎপাদন হ্রাস এবং কিছু জায়গায় জুমচাষের ওপর স্থানীয় লোকজনের নিষেধাজ্ঞাসহ বাঁশ আহরণ বন্ধ রয়েছে৷ এ কারণে অর্থসংকট দেখা দিয়েছে৷ ইতিমধ্যে বাঘাইছড়ি ইউনিয়নের দোসর ও সাজেকের ব্যাটলিং, শিয়ালদায়ই, তুইছুই, ভুয়াছড়ি ও গঙ্গারাম এলাকায় শত শত পরিবার অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে৷
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ২০১২ সালে ওই সব এলাকায় তীব্র খাদ্যসংকট দেখা দেয়। তখন জরুরিভিত্তিতে রাঙামাটি জেলা পরিষদ থেকে ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়৷ পরবর্তী সময়ে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সংকটকবলিত এলাকায় ছয় মাস খাদ্য সরবরাহ করেছিল।
শিয়ালদাই গ্রামের প্রধান ভুজন ত্রিপুরা বলেন, ‘আমাদের এলাকায় খাদ্যসংকট এখন চরম পর্যায়ে পেঁৗছেছে। বেশ কিছু পরিবারের লোকজন কয়েক দিন ধরে না খেয়ে আছেন৷ অনেক শিশুর বিদ্যালয়ে যাওয়া বন্ধ হয়ে গেছে৷’
শিজক দোসর এলাকার বিনোদ বিহারী চাকমা বলেন, গত বছর জুমচাষে তেমন ফসল পাওয়া যায়নি। আগের মতো জুমেও তেমন খাদ্যশস্য পাওয়া যায়নি৷ এ ছাড়া নদী শুকিয়ে যাওয়ায় নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান বড় ঋষি চাকমা বলেন, ‘আমাকে কয়েক দিন ধরে খাদ্যসংকটের কথা বলা হচ্ছে।খবর নিয়ে বিষয়টি নিশ্চিত হলাম৷ এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের লিখিতভাবে জানানো হবে।’