বাঘাইছড়ির পাহাড়ি এলাকায় পানির সংকট, দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় পাঁচ শতাধিক গ্রামে খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। অপরিকল্পিক জুম চাষ, বন উজাড়, ছড়া ও ঝরনা শুকিয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
উপজেলার সাজেক, সারোয়াতলী, বাঘাইছড়ি, খেদারমা, মারিশ্যা ও রুপকারী ইউনিয়নের দুর্গম এলাকায় বিভিন্ন গ্রামের ৫০ হাজারেরও বেশি লোকের বসবাস। এসব গ্রামের লোকজন যুগ যুগ ধরে ঝরনা, ছড়া ও ঝিরি থেকে পানি ব্যবহার করে আসছেন। গ্রামবাসী বলছেন, বন উজাড় ও পরিবেশ বিপর্যয়ের কারণে পানির স্তর নিচে নেমে যাওয়ায় কয়েক বছর ধরে শুষ্ক মৌসুমে তাঁরা তীব্র পানির সংকটে ভোগেন।
সাজেক ইউনিয়নে তারুমপাড়া গ্রামের গৃহবধূ নিয়তি বালা ত্রিপুরা ও বঙ্গলতলী ইউনিয়নের জারুলছড়ি গ্রামে পদ্ম শোভা চাকমা বলেন, আগে গ্রামের পাশের ছড়া-ঝিরিতে পানি পাওয়া যেত। বৃষ্টি না হওয়ায় সেগুলো শুকিয়ে গেছে। এখন চার থেকে পাঁচ কিলোমিটার দূরে গিয়েও পানি মিলছে না। পানি না থাকায় জুম চাষের বীজ বপনেও সমস্যা হচ্ছে।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, ‘আমার ইউনিয়নের ৯০ শতাংশ মানুষ পাহাড়ে বসবাস করে। তাঁরা যুগ যুগ ধরে পাহাড়ি ঝিরি-ঝরনার পানি ব্যবহার করে আসছেন। অব্যাহতভাবে বন ধ্বংস হয়ে যাওয়ায় গ্রীষ্ম আসার আগে ঝিরি-ঝরনার পানি শুকিয়ে যাচ্ছে। সে জন্য প্রতিবছর শুষ্ক মৌসুমের আগে পানির সংকট দেখা দেয়।’
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আবদুল রাজ্জাক প্রথম আলোকে বলেন, পানির সংকট কাটাতে কিছু এলাকায় টিউবওয়েল বসানো গেলেও অধিকাংশ অঞ্চলে তা সম্ভব নয়। বন সংরক্ষণ করে ঝিরি-ঝরনাগুলো পুনজ্জীবিত করা ছাড়া পাহাড়ি এলাকায় পানির ব্যবস্থা করা খুব কঠিন।