বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের কমিটি নিয়ে সংঘর্ষ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের কমিটি গঠন নিয়ে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।আহত ব্যক্তিরা হলেন উপজেলা বিএনপির সহসাধারণ সম্পাদক মো. শাহজাহান চৌধুরী, ছাত্রদলের উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম ও ছাত্রদলের বাঘাইছড়ি পৌর কমিটির সহসাধারণ সম্পাদক মো. সেলিম জাবেদ। গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা মসজিদ মার্কেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বাহারি ঘটনার সত্যতা স্বীকার করেছেন।জানা গেছে, প্রায় এক মাস আগে ছাত্রদলের রাঙামাটি জেলা কমিটি থেকে একটি চিঠির মাধ্যমে মো. নজরুল ইসলামকে সভাপতি, মো. নূর আলমকে সাধারণ সম্পাদক ও জসিম উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে ছাত্রদলের উপজেলা কমিটি করা হয়। কমিটির অবশিষ্ট পদগুলো স্থানীয়ভাবে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়। এ নিয়ে প্রথমে ছাত্রদলের কর্মীদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। পরে তা নিয়ে যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা বিভক্ত হয়ে পড়েন। এ অবস্থায় কয়েক দিন আগে উপজেলা ছাত্রদলের সভাপতি মো. নজরুল ইসলাম ও পৌর ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সেলিম জাবেদ বাঘাইছড়ি থানায় পরস্পরের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।গতকাল রাত আটটার দিকে উপজেলা মসজিদ মার্কেটে বিবদমান নেতা-কর্মীদের মধ্যে সাধারণ ডায়েরি করা নিয়ে তর্ক শুরু হয়। পরে পৌনে নয়টার দিকে তা সংঘর্ষে রূপ নেয়। এ খবর জানাজানি হলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বলে জানা গেছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়াহিদুজ্জামান সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ পর্যন্ত তিনজন আহত হওয়ার খবর তাঁরা জানতে পেরেছেন।