বাঘাইছড়ি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অপসারণের দাবি করেছেন উপজেলার ৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা। তাঁরা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতি ও শিক্ষকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন। গতকাল মঙ্গলবার প্রধান শিক্ষকেরা যৌথ স্বাক্ষরে শিক্ষা কর্মকর্তাকে উপজেলা থেকে প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের বরাবর আবেদন করেছেন। তবে উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান শিক্ষকেরা আবেদনে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ চলতি বছরের বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ টাকার অর্ধেক আত্মসাৎ, বিনা মূল্যে দেওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার মূল সনদ বিতরণে ১০ টাকা করে গ্রহণ, উপজেলার ৮০টি বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের জন্য সরকারের দেওয়া বরাদ্দের ৩০০ থেকে ৬০০ টাকা করে কেটে রাখা এবং উপবৃত্তি উদ্বুদ্ধকরণ কর্মশালার জন্য বরাদ্দ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন। এ ছাড়া শিক্ষকদের বিরুদ্ধে ঢালাওভাবে কারণ দর্শানোর নোটিশ জারি করে হয়রানির অভিযোগ করেন শিক্ষকেরা। এদিকে শিক্ষকদের আবেদনে সুপারিশ করেছেন উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে স্থানীয় শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ করে আসছেন। এ অবস্থা চলতে থাকলে উপজেলায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়াসহ শিক্ষার গুণগত মান উন্নয়নের কার্যক্রম মুখ থুবড়ে পড়বে।’ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি অনন্ত সিং চাকমা ও সাধারণ সম্পাদক মো. নুরুল বাহার বলেন, এই শিক্ষা কর্মকর্তার অধীনে শিক্ষার মান উন্নয়ন সম্ভব নয়। তাঁকে অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া না হলে রমজান মাসের পর থেকে কর্মবিরতিসহ নিয়মতান্ত্রিক আন্দোলন শুরু করবে শিক্ষকসমাজ।উপজেলা শিক্ষা কর্মকর্তা বাবুল কান্তি ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ-প্রক্রিয়া শুরু করায় তাঁদের স্বার্থে আঘাত লেগেছে। তাই আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।’ তিনি দাবি করেন, আর্থিক অনিয়মের যেসব অভিযোগ আনা হয়েছে, তার হিসাব-নিকাশসহ শিক্ষকদের টাকা গ্রহণের স্বাক্ষর আছে।’রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা শিক্ষকদের আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগের সত্যতার প্রমাণ পেলে অবশ্যই শিক্ষা কর্মকর্তাকে প্রত্যাহার করা হবে।’