বাঘাইছড়ি ও দীঘিনালা শান্ত হয়ে এসেছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এক বাঙালির লাশ উদ্ধারের পরিপ্রেক্ষিতে সৃষ্ট উত্তেজনা কিছুটা শান্ত হয়ে এসেছে। তবে প্রশাসনের জারি করা ১৪৪ ধারা বলবৎ রয়েছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় আদিবাসী ও বাঙালিদের সঙ্গে পৃথক স্থানে মতবিনিময়কালে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়া নিহত আবদুস সাত্তার ও চিগোনমিলে চাকমার পরিবারকে এক লাখ ৪২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গত বুধবার রাঙামাটির বাঘাইছড়িতে মোটরসাইকেলচালক আবদুস সাত্তারের লাশ উদ্ধারের পর খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার কবাখালীতে বাঙালিদের হামলায় চিগোনমিলে চাকমা নিহত ও বাঘাইছড়িতে অন্তত ১৫ জন আদিবাসী আহত হন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই উপজেলায় আদিবাসী-বাঙালিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।এদিকে নিহত সাত্তারের মোটরসাইকেল গতকাল সকালে বাঘাইছড়ির কাচালং কলেজ গেটের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজন জানান, গতকাল সকালে রাঙামাটি থেকে জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী ও পুলিশ সুপার মাসুদ-উল হাসান বাঘাইছড়ি যান। বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন মিলনায়তনে বাঙালিদের সঙ্গে মতবিনিময় করেন তাঁরা। এ সময় বাঙালিদের পক্ষে বক্তব্য দেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মুন্সী মিয়া, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি আলমগীর কবীর প্রমুখ। বক্তারা বলেন, হত্যাকারীরা কোনো সম্প্রদায়ের নয়, তারা সন্ত্রাসী। পাহাড়ি-বাঙালি সবাইকে একসঙ্গে থাকতে হবে।এরপর বেলা দুইটার দিকে জীবঙ্গছড়া বৌদ্ধবিহার মাঠে আদিবাসীদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক স্মারকলিপিতে আদিবাসীদের ওপর হামলার জন্য ১৫ জন বাঙালির নাম উল্লেখ করে শাস্তির দাবি জানানো হয়। এ সময় বাঙালিরা আদিবাসীদের ওপর কীভাবে হামলা করেছে এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কীভাবে কার্যালয়ে জিম্মি করে রেখেছে, তার বর্ণনা দেওয়া হয়।মতবিনিময় সভায় বক্তব্য দেন: বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কৃষি ব্যাংকের বাঘাইছড়ি শাখার ব্যবস্থাপক সত্য বিকাশ চাকমা, মারিশ্যা ইউপির চেয়ারম্যান টন্টুমণি চাকমা প্রমুখ।এ সময় জেলা প্রশাসক সৌরেন্দ্রনাথ চক্রবর্তী আদিবাসীদের আশ্বস্ত করে বলেন, হামলা ও ভাঙচুরের জন্য পৃথক দুটি মামলা হবে। এসব ঘটনায় দোষীদের উপযুক্ত বিচার হবে। পুলিশ সুপার মাসুদ-উল হাসান বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্ত হবে। প্রকৃত আসামিদের বের করে শাস্তি দেওয়া হবে। ইউপিডিএফের প্রতিবাদ কর্মসূচি: আদিবাসী চিগোনমিলে চাকমাকে হত্যা ও আদিবাসীদের ওপর বাঙালিদের হামলার প্রতিবাদে গতকাল রাঙামাটি ও খাগড়াছড়ির বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউপিডিএফ। এসব সমাবেশ থেকে বাঘাইছড়ির মারিশ্যা বাজার ও দীঘিনালার কবাখালী বাজার অনির্দিষ্টকালের জন্য বর্জন, বাঘাইছড়ি ও দীঘিনালায় বিজয় দিবসের কর্মসূচি বর্জন, কাল শনিবার বাঘাইছড়ি ও দীঘিনালায় কালো ব্যাজ ধারণ এবং সোমবার ১৯ ডিসেম্বর বাঘাইছড়ি ও দীঘিনালা উপজেলায় অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। রাঙামাটিতে হরতালের ঘোষণা: রাঙামাটি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা সভাপতি পেয়ার আহমদ খান আগামী রোববার রাঙামাটি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ঘোষণা দেন। বরকলে তাগলকবাগ থেকে নিখোঁজ পাঁচজন বাঙালিকে উদ্ধার ও আবদুস সাত্তারের হত্যাকারীদের শাস্তির দাবিতে এ হরতালের ডাক দেওয়া হয়।দীঘিনালায় সম্প্রীতি সমাবেশ: বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার লারমা স্কয়ারে দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নওরোজ এহসানের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশ হয়। সমাবেশে নিহত ব্যক্তিদের পরিবারকে সাংসদ যতীন্দ্র লাল ত্রিপুরার পক্ষ থেকে ৫০ হাজার, জেলা পরিষদ ৫০ হাজার, খাগড়াছড়ি সেনা অঞ্চল ২৫ হাজার, জেলা প্রশাসক ১০ হাজার এবং দীঘিনালা সেনা অঞ্চলের পক্ষ থেকে সাত হাজার টাকা করে দেওয়া হয়।