বাঘাইছড়ি ও পটিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট-সাজেক সড়কের ডাব আদাম এলাকায় গাড়িচাপায় দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। এদিকে চট্টগ্রামের পটিয়ায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ডাব আদাম এলাকায় বাঘাইহাট-সাজেক সড়কের পাশে বাড়ির উঠানে খেলা করছিল স্কুলছাত্রী দুই বোন। এ সময় সাজেক পর্যটনকেন্দ্র থেকে আসা একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে দুই বোনকে চাপা দেয়। এতে ডাব আদাম বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছায়া রানী চাকমা ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ছায়া রানীর বড় বোন একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী সেবিকা চাকমা আহত হয়। তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুই বোনকে চাপা দেওয়ার পর মাইক্রোবাসটি গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ছয়জন পর্যটক গুরুতর আহত হন। তাঁদের চট্টগ্রামে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা গাছ ফেলে সড়ক অবরোধ করেন। বাঘাইহাট সেনা জোনের মেজর মো. এইচ এম সেলিমুজ্জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুফিদল আলম ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলে স্থানীয় লোকজন রাত পৌনে আটটার দিকে অবরোধ তুলে নেন।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মোহাম্মদ কামরুল হুদা আজাদ (২৩) ও বান্দরবানের মাহমুদুল হাসান ওরফে শাওন (২৬)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল বিকেলে পটিয়ার গিরিশ চৌধুরী বাজার এলাকায় চট্টগ্রামমুখী মোটরসাইকেলের সঙ্গে কক্সবাজারগামী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে কামরুল হুদা নিহত হন। গুরুতর
আহত মাহমুদুল হাসানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পটিয়া হাইওয়ে ক্রসিং পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।