বাঘাইছড়ি ও মান্দায় মন্দিরে হামলা, প্রতিমা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি ও নওগাঁর মান্দায় গত বুধবার রাতে মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৮-দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় একজন বৌদ্ধ ভিক্ষু লাঞ্ছিত হয়েছেন।ঢাকার বাইরে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:বাঘাইছড়ি (রাঙামাটি): পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার আমতলী বাজার এলাকায় গত বুধবার দিবাগত রাতে কে বা কারা মন্দিরে আগুন দেয়। এ সময় স্থানীয় লোকজন ছুটে এলেও তাঁরা মন্দিরটি রক্ষা করতে পারেননি।ওই ঘটনায় পুলিশ চার সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন সিরাজুল ইসলাম, মুজিবুর রহমান, মো. আলম ও শফিকুল ইসলাম।মান্দা (নওগাঁ): উপজেলার রামনগর গ্রামে সৌমিত্র প্রামানিকের মন্দিরে বুধবার রাতে প্রতিমা ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সৌমিত্র জানান, গতকাল সকালে তিনি মন্দিরের তালা ভাঙা এবং এর ভেতর প্রতিমা নেই দেখতে পান। পরে মন্দিরের অদূরে নূরুল্লাবাদ পারিবারিক স্বাস্থ্য কল্যাণকেন্দ্রের কাছে প্রতিমাটি ভাঙা অবস্থায় পাওয়া যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল বাকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।দীঘিনালা (খাগড়াছড়ি): উপজেলার জামতলী বাঙালী পাড়া এলাকায় গতকাল বিএনপির কর্মীরা এক বৌদ্ধ ভিক্ষুকে লাঞ্ছিত করেছেন বলে আদিবাসীরা অভিযোগ করেন। আগের দিন রাতে নয় মাইল এলাকায় আকতার হোসেন জিহাদী নামের একজন আলেমও লাঞ্ছিত হন। স্থানীয় আদিবাসীরা বলেন, বানছড়া সিদ্ধানন্দ বৌদ্ধবিহারের অধ্যক্ষ চন্দ্রকীর্তি স্থবির গতকাল তাঁর আত্মীয়র মৃত্যুর সংবাদ পেয়ে অটোরিকশায় করে খাগড়াছড়ি যাচ্ছিলেন। সকাল নয়টায় তিনি বাঙালী পাড়া এলাকা পৌঁছালে বিএনপির কর্মীরা অটোরিকশা ভাঙচুর ও তাঁকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে শত শত আদিবাসী লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করেন। ক্ষুব্ধ আদিবাসীরা এ সময় চট্টগ্রামের একটি দৈনিকের স্থানীয় প্রতিনিধি আবদুর রহমানের মোটরসাইকেল এবং একটি অটোরিকশা ভাঙচুর করেন। উপজেলা বিএনপির সভাপতি মোসলেম উদ্দিন বলেন, আকতার হোসেন নামের একজন আলেমকে লাঞ্ছিত করায় ক্ষুব্ধ এলাকাবাসী ভিক্ষু চন্দ্রকীর্তি স্থবিরকে লাঞ্ছিত করে থাকতে পারেন।