বাঘাইছড়ি ও রাঙ্গুনিয়ায় কালবৈশাখীর ছোবল ৭০০ ঘরবাড়ি বিধ্বস্ত নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাঙামাটির বাঘাইছড়ি ও সিলেট সদরে গত দুই দিনে ঘূর্ণিঝড়ে কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। বাঘাইছড়িতে ঝড়ের কবলে পড়ে একজন নিহত ও ৫০ জন আহত হয়েছে। সেখানকার সাত শতাধিক ঘরবাড়ি উড়ে গেছে। রাঙ্গুনিয়ায় ২০টি বসতঘর ভেঙে পড়েছে। সিলেটেও ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। রাঙামাটি থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও বাঘাইছড়ি প্রতিনিধি জানিয়েছেন, সাজেক ইউনিয়নে গত মঙ্গলবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখীতে গোঁয়াছড়ি গ্রামের আদিবাসী নারী নিথুরমুখী চাকমা (৪৬) নিহত হন। আহত হয় প্রায় ৫০ জন। এ সময় আটটি গ্রামের প্রায় ৭০০ ঘরবাড়ি উড়ে যায়। এতে চার হাজার মানুষ গৃহহীন হয়েছে বলে জানা গেছে। এসব গ্রামের দূরত্ব রাঙামাটি শহর থেকে ২০০ কিলোমিটারের বেশি।সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লাল এল থাঙ্গা জানান, গত মঙ্গলবার রাত ১১টা থেকে রাত দুইটা পর্যন্ত কালবৈশাখী বয়ে যায়। তিনি আরও জানান, এক গ্রাম থেকে আরেক গ্রামের দূরত্ব পাঁচ থেকে আট কিলোমিটার বা তারও বেশি হওয়ায় দূরবর্তী গ্রামগুলোর অবস্থা জানা যাচ্ছে না। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা বশিরুল হক ভূঁইয়া জানান, গতকাল সকালে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করতে লোক পাঠানো হয়েছে। তাঁরা ফিরে না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাবে না। তার পরও আজ বৃহস্পতিবার চালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী নিয়ে একটি দলকে সাজেকের দুর্গত গ্রামগুলোতে পাঠানো হবে। রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, ঘূর্ণিঝড়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের দুই গ্রামের ২০ ঘর তছনছ হয়ে গেছে। উপড়ে গেছে গাছপালা। নষ্ট হয়েছে সবজিখেতের মাচাং। গতকাল সন্ধ্যা ছয়টায় এই ঘূর্ণিঝড়টি আঘাত হানে। গ্রামবাসী জানান, তেলিপাড়া ও ফিরিঙ্গিরখিল গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এ সময় দুই গ্রামের গাছপালা ও ঘরবাড়ি দুমড়েমুচড়ে যায়। শিলক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জানান, ঝড়ে প্রায় ২০টি বসতঘর ভেঙে গেছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, উপজেলা প্রশাসনের একটি দল ওই এলাকায় গেছে।