বাঘাইছড়ি থেকে সুষ্ঠু ভোটের যাত্রা শুরু করতে চায় কমিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি থেকেই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার যাত্রা শুরু করতে চায় নতুন নির্বাচন কমিশন (ইসি)। গতকাল শুক্রবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শাহাদৎ হোসেন চৌধুরী। তিনি বলেন, নির্বাচন পরিচালনায় যুক্ত কেউ প্রভাবিত হয়ে কাজ করলে বা অনিয়মে জড়িয়ে পড়লে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আজ শনিবার বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিসহ আঞ্চলিক কোনো রাজনৈতিক দল মেয়র পদে প্রার্থী দেয়নি।

গতকালের সভায় নির্বাচন কমিশনার শাহাদৎ হোসেন চৌধুরী বলেন, ‘১৫ ফেব্রুয়ারি বিকেলে শপথ গ্রহণ করেছি। কমিশন বাঘাইছড়ি পৌর নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আশা করছি এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে  অনুষ্ঠিত হবে।’

সভায় রাঙামাটির জেলা প্রশাসন মো. মানজারুল মান্নান বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনের পর প্রথম কোনো নির্বাচন হচ্ছে। তাই যতটুকু সতর্ক থাকা প্রয়োজন, তার চেয়ে বেশি সতর্ক রয়েছে প্রশাসন।

নির্বাচনকে কেন্দ্র করে গত বুধবার থেকে পৌরসভা এলাকায় টহল বাড়ানো হয়েছে বলে জানান বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মো. সামসুম মুহীত।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রাঙামাটির পুলিশ সুপার মো. সাঈদ তারিকুল হাসান, জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন প্রমুখ। উপস্থিত ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম চৌধুরী প্রমুখ।

বাঘাইছড়ি পৌরসভা নির্বাচনে ভোটার ১০ হাজার ১৭৭ জন। মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জাফর আলী খান, বিএনপির প্রার্থী মো. ওমর আলী এবং স্বতন্ত্র প্রার্থী মো. আজিজুর রহমান।