বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে শান্তিপূর্ণ অবরোধ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি থেকে খাগড়াছড়িতে সম্মেলনে যেতে বাধা দেওয়া ও হামলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে এই অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও উপজেলা সদরে যানবাহন চলেছে।জানা গেছে, ভূমির দখল নিয়ে বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের বাঘাইহাটে আদিবাসী-বাঙালি বিরোধ চলছে। এই বিরোধকে কেন্দ্র করে গত রোববার আদিবাসীরা বাঘাইছড়ি, খাগড়াছড়ি ও বাঘাইহাট সড়কে সকাল-সন্ধ্যা অবরোধের ডাক দেয়। এ সময় বাঙালি ছাত্রদের বহনকারী একটি বাসকে খাগড়াছড়ি যেতে বাধা দেওয়া এবং ভাঙচুরের পরপরই বাঘাইহাট ও বাঘাইছড়ি উপজেলা সদরে বাঙালিরা আদিবাসীদের ওপর হামলা করে। এর প্রতিবাদে গতকাল সড়ক অবরোধ কর্মসূচি ডাকা হয়।এদিকে বিরোধ মীমাংসার জন্য উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এ হুমায়ুন কবীর, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাঈম উদ্দিন গতকাল আদিবাসী ও বাঙালিদের সঙ্গে আলাদা সভা করেন।ইউএনও এ এস এম হুমায়ুন কবীর প্রথম আলোকে জানান, তাঁরা আদিবাসীদের সঙ্গে সাজেকের গঙ্গারামমুখ এলাকায় এবং বাঙালিদের সঙ্গে বাঘাইহাট বাজারে বৈঠক করেছেন। আদিবাসীরা গঙ্গারামমুখ এলাকায় পুনর্বাসিত বাঙালিদের সরিয়ে নেওয়া, সেনাবাহিনীর তল্লাশি বন্ধ করাসহ কয়েকটি দাবি করেছেন। অন্যদিকে বাঙালিদের অভিযোগ, আদিবাসীরা সব সময় অস্ত্র প্রদর্শনসহ নানা ভয়ভীতি দেখিয়ে তাদের উত্ত্যক্ত করছে। এসব দাবি সরকারের কাছে পাঠানোর ব্যাপারে আশ্বাস দিয়েছেন বলে ইউএনও জানান। ইউএনও বলেন, বিভিন্ন গুজবের কারণে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তিনি গুজবে কান না দিতে সবার প্রতি অনুরোধ জানান।অন্যদিকে গত রোববার বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের ২৮ শিক্ষার্থী ও দুই শিক্ষককে মারধর, জিম্মি করা এবং বাঘাইছড়ি উপজেলা সদরে আদিবাসীদের ওপর হামলার অভিযোগে গতকাল বাঘাইছড়ি থানায় আদিবাসীদের পক্ষ থেকে দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।থানা সূত্রে জানা গেছে, বাঘাইহাট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা সাতজনের নাম উল্লেখ করে ৪০-৪৫ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে। অভিযোগে ওসমান গনি, মো. বাদশা, মো এমরান, মো. নাসির, সাইফুল, হাসান ও কাদেরের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাঘাইছড়ি সদরে হামলার ব্যাপারে সমাপ্ত চাকমা নামের একজন আদিবাসীর করা অভিযোগে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের উপজেলা শাখার সভাপতি আবু কাইয়ুম, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মো. ইলিয়াস, আফসার, মো. রমজান, মো. মজিবর, মো. মাসুদ, মো. জমির আলী, আলী আকবর ও মো. শামীমের নাম উল্লেখ করা হয়েছে।অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন বলেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাঘাইহাট থাকায় আজ (গতকাল) অভিযোগ দুটিকে মামলা হিসেবে নেওয়া হচ্ছে না। আগামীকাল নিয়মিত মামলা হতে পারে।