বাঘাইছড়ি পরিবার পরিকল্পনা কর্মকর্তা আট মাস অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নজরুল ইসলাম যোগদানের আট মাস পরও চিকিৎসা দিতে আসেননি। তাঁর দীর্ঘ অনুপস্থিতির কারণে বাঘাইছড়ি উপজেলার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে মো. নজরুল ইসলাম যোগদান করেন। এর মধ্যে কার্যালয়ে সই করার জন্য কয়েকবার বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে এলেও কোনো রোগীকে চিকিৎসা দেননি। তাঁর অনুপস্থিতির কারণে দুজন চিকিৎসকের মধ্যে মো. সৈয়দ আরিফ উদ্দিনকে উপজেলার ও রাঙামাটির কার্যালয়ের কাজে প্রায় সময় ব্যস্ত থাকতে হচ্ছে। তিনি বর্তমানে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৩১ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র দুজন। এর মধ্যে ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আরিফ উদ্দিন কার্যালয়ের কাজে প্রায় সময় বাইরে থাকেন। একজন চিকিৎসককে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। এতে বাধ্য হয়ে চিকিৎসা সহকারীদের দিয়ে মুমূর্ষু রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে। এ ছাড়া সাত ইউনিয়নে সাতটি উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিৎসক থাকার কথা। কিন্তু একটি ইউনিয়নেও চিকিৎসক নেই। জানা গেছে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা, তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক (মেডিসিন, সার্জারি ও গাইনি), তিনজন চিকিৎসক, একজন ডেন্টাল; উপস্বাস্থ্যকেন্দ্রে সাতজন চিকিকৎসা কর্মকর্তাসহ মোট ১৬টি পদের মধ্যে ১৩টি শূন্য রয়েছে। বর্তমানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকার পরও ভারপ্রাপ্ত হিসেবে সৈয়দ আরিফ উদ্দিন রয়েছেন। সৈয়দ আরিফ উদ্দিন বলেন, ‘উপজেলায় ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র তিনজন রয়েছি। এর মধ্যে কার্যালয়ের কাজে আমাকে প্রায় সময় ব্যস্ত থাকতে হয়। এ ছাড়া বিভিন্ন ইউনিয়নেও চিকিৎসাসেবা দিতে হয়। স্যার (পরিবার পরিকল্পনা কর্মকর্তা) অসুস্থতার কারণে এখানে থাকতে পারেন না। তিনি চট্টগ্রাম থেকে রাঙামাটিতে মাসিক সভায় যোগদান করেন।’ মো. নজরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি অসুস্থ, বিশ্রামে রয়েছি। সুস্থ হলে সেখানে যাব। এখান থেকে রাঙামাটিতে মাসিক সভায় প্রতিনিধিত্ব করছি।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকেন না। তাঁর অনুপস্থিতির কারণে বাঘাইছড়িতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।’