বাঘাইছড়ি পৌর নির্বাচনের প্রচারণা জমে উঠেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচনের প্রচারণা জমে উঠেছে। আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীদের পক্ষে তৎপরতা চালাচ্ছেন দলের জেলা পর্যায়ের নেতারা।গতকাল মঙ্গলবার বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মুন্সি মিয়ার পক্ষে গণসংযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি দীপেন দেওয়ান। গতকাল বিকেলে মুসলিম ব্লক গ্রামে মুন্সি মিয়ার পথসভায় তিনি বক্তব্য দেন।গত সোমবার জেলা আওয়ামী লীগের একটি দল উপজেলা পরিষদ মিলনায়তন ও জেলা পরিষদের বিশ্রামাগারে পৌর নির্বাচন-সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহবুবুল আলম, সহসভাপতি চিংকিউ রোয়াজা প্রমুখ।বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেয়র পদপ্রার্থী আলমগীর কবিরের পক্ষে গণসংযোগ করছেন পরিষদের তিন পার্বত্য জেলার নেতারা।নির্বাচনে মেয়র পদপ্রার্থী চারজন। তাঁরা হলেন: আওয়ামী লীগ-সমর্থিত জমির হোসেন, বিএনপি-সমর্থিত মুন্সি মিয়া, বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর কবির ও স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান।আওয়ামী লীগের বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মো. আলী হোসেন বলেন, দলীয়-সমর্থিত প্রার্থীর পক্ষে জোরালোভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন জেলার নেতারা।বিএনপির বাঘাইছড়ি উপজেলা সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন বাহারী বলেন, জেলা সভাপতি বুধবারও (আজ) মুন্সি মিয়ার পক্ষে গণসংযোগ করবেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুল কাদির প্রথম আলোকে বলেন, এখনো পর্যন্ত প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।বাঘাইছড়ি পৌর নির্বাচন হবে ৮ জানুয়ারি।