ভুয়া প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি পৌর মেয়র ও সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৫ ফেব্রুয়ারি বাঘাইছড়ি থানায় মামলাটি করেন দুদকের রাঙামাটি কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. আমির হোসেন। অভিযুক্ত অন্য দুজন হলেন সাবেক পৌরসভা প্রকৌশলী দীপন চাকমা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক সুজল কান্তি চাকমা।
মামলার এজাহারে বলা হয়, ২০১০-১১ অর্থবছরে পৌর এলাকার বন বিভাগ কার্যালয়ে পাঁচ লাখ ১৭ হাজার টাকা ব্যয়ে সীমানাপ্রাচীর নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সুজল। পরবর্তী সময়ে সীমানাপ্রাচীরটি নির্মাণ না করে অভিযুক্ত চার ব্যক্তি পরস্পর যোগসাজশে টাকাগুলো আত্মসাৎ করেন বলে মো. আবদুস শহীদ নামের এক ব্যক্তি দুদকে অভিযোগ করেন। দুদক তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
পৌরসভার একটি সূত্র দাবি করে, পৌরসভার বিশ্রামাগার নির্মাণের জন্য মারিশ্যা বন বিভাগ কার্যালয় এলাকায় স্থানীয় মো. আবদুস শুক্কুর নামের এক ব্যক্তির কাছ থেকে পৌর কর্তৃপক্ষ ১৯ শতক জমি কেনে নয় লাখ টাকা দিয়ে। কিন্তু ওই জমি কেনার জন্য পৌরসভার তহবিলে টাকা না থাকায় সীমানাপ্রাচীরের নামে অর্থ বরাদ্দ ও দরপত্র আহ্বান করে ওই টাকা জমির মালিককে দেওয়া হয়েছে।
এ বিষয়ে পৌর মেয়র মো. আলমগীর বলেন, ‘আমি মেয়র হওয়ার আগে সীমানাপ্রাচীরের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। আমার সময় বিল পরিশোধ করা হয়েছে। তবে টাকাটা জনস্বার্থে অর্থাৎ বিশ্রামাগারের জমি কেনার জন্য ব্যয় করা হয়েছে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, দুদকের উপপরিচালক থানায় এসে পৌর মেয়র ও সাবেক ইউএনওসহ চারজনের বিরুদ্ধে মামলাটি করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
জানতে চাইলে দুদকের রাঙামাটি মামলার বাদী মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, আসামিরা অপরাধী। কারণ মেয়র কাজ হয়েছে কি না না দেখে চেক ও চূড়ান্ত বিলে সই করেছেন।
অন্যদিকে, সাবেক ইউএনও ও প্রকৌশলী ভুয়া প্রাক্কলন তৈরি করেছেন। তিনি জানান, সাবেক ইউএনও মো. সাজেদুল ইসলাম অতিরিক্ত দায়িত্ব হিসেবে পৌর প্রশাসক ছিলেন। যে স্থানে প্রকল্প দেখানো হয়েছে সেখানে আগে থেকেই সীমানাপ্রাচীর ছিল।
এ ব্যাপারে বর্তমান ইউএনও সুমন চৌধুরী বলেন, তাঁর আগের ইউএনও সাজেদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে ঘটনার ব্যাপারে বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।