বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন কাল
রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার প্রথম নির্বাচন হবে কাল রোববার। পৌরসভা গঠিত হওয়ার সাত বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোট গ্রহণের সব প্রস্তুতি নেওয়া হয়েছে।নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার রাত ১২টায় প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। কাল নয়টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলবে। পৌরসভায় মোট ভোটারের সংখ্যা আট হাজার ৫১৫। নির্বাচনে মেয়র পদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সমর্থকদের সংঘর্ষ: বাঘাইছড়ি থানা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ১ নম্বর ওয়ার্ডের দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়। এতে কমপক্ষে সাতজন আহত হয়। গুরুতর আহত তিনজনকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী বলেন, পুলিশ এলাকায় নজর রাখছে। সংঘর্ষের ঘটনার পর ১ নম্বর ওয়ার্ড এলাকায় বিজিবি টহল দিচ্ছে। রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভোট গ্রহণের সময় নিরাপত্তা নিশ্চিত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।