বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পানির তীব্র সংকট চলছে। এ কারণে রোগীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। সূত্র জানায়, গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র পানির পাম্পের কার্যক্ষমতা কমে যায়। এতে ওই পাম্পের মাধ্যমে চাহিদার তিন ভাগের দুই ভাগ পানি সরবরাহ করা সম্ভব হচ্ছিল। গত ২৪ মার্চ পাম্পটি বিকল হয়ে যাওয়ায় পানির সংকট তীব্র আকার ধারণ করে। পানির অভাবে রোগীদের ভোগান্তি চরমে পৌঁছেছে।রোগীরা জানান, এত দিন হাত-মুখ ধোয়ার পানি পাওয়া গেলেও এখন সেটাও পাওয়া যাচ্ছে না। দুর্গন্ধে শৌচাগারে যাওয়া যাচ্ছে না। যাঁদের টাকা আছে, তাঁরা পানি কিনে প্রয়োজনীয় কাজ সারছেন। কিন্তু যাঁদের টাকা নেই, তাঁদের এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। উগলছড়ি গ্রামের মুন্নি আক্তারের দুই বছরের শিশুসন্তানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে গত শুক্রবার। তিনি অসুস্থ সন্তানকে হাসপাতালে রেখে দেড় কিলোমিটার দূর থেকে পানি এনে ব্যবহার করছেন। মুন্নি আক্তার বলেন, ‘আমি এখানে আসার আগে থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি নেই।’ স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা সুজনা চাকমা বলেন, আপাতত পানি কিনে কোনো রকমে হাসপাতাল চালানো হচ্ছে। দৈনিক আট থেকে ১০ কলসি পানি পাঁচ টাকা করে কিনতে হচ্ছে। তিনি আরও বলেন, চাহিদার তুলনায় এই পানি অনেক কম। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক লামারী প্রথম আলোকে বলেন, প্রায় এক সপ্তাহ ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পানির সংকটের বিষয়টি মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হয়েছে। এর আগে কেউ তাঁকে বিষয়টি জানায়নি।