বাঘাইছড়িতে অভিযুক্ত ধর্ষক আটক, মুক্তির দাবিতে ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সপ্তম শ্রেণী পড়ুয়া এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ গতকাল বৃহস্পতিবার আবদুল মজিদ নামের এক বাঙালিকে আটক করেছে। পরে সন্ধ্যায় তাঁর মুক্তির দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বাসভবন ঘেরাও করে বাঙালিরা।পুরান মারিশ্যা এলাকার মো. আবদুল মজিদ গত বুধবার ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রীর বড় ভাই বাঘাইছড়ি থানায় মামলা করেন। বাঘাইছড়ির কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযুক্ত মজিদের বিচার ও শাস্তির দাবিতে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। অন্যদিকে একই দিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে বাঙালি ছাত্র পরিষদের ব্যানারে চার শতাধিক বাঙালি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার বাসভবন ঘেরাও করে। তবে সুদর্শন চাকমা এ সময় সেখানে ছিলেন না। বাঙালিরা চেয়ারম্যানের বাসভবনে ঢুকতে চেষ্টা করে এবং মজিদের মুক্তির দাবি জানায়। মজিদকে মুক্তি দেওয়া না হলে সারা রাত বাসভবন ঘেরাও রাখারও হুমকি দেয়। খবর পেয়ে ইউএনও মো. বশিরুল হক ভূঁইয়া ও বিজিবি কর্মকর্তা মেজর নাইম পুলিশ সহকারে সেখানে পৌঁছে দাবির ব্যাপারে বাঙালিদের সঙ্গে কথা বলেন। বাঙালি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি আবু কাইয়ুম বলেন, মজিদ ষড়যন্ত্রের শিকার। তাই তাঁর মুক্তির ব্যাপারে উপজেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতা চাইতে গিয়েছিলেন। ইউএনও বলেন, বাঙালিরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে আবদুল মজিদের মুক্তির ব্যাপারে কথা বলতে তাঁর বাসভবনে গিয়েছিলেন।তবে সুদর্শন চাকমা বলেন, আবদুল মজিদের মুক্তির ব্যাপারে চাপ দিতে তাঁর বাসভবন ঘেরাও করা হয়। বাঙালিরা যে দাবি করছে সেটা আইনের বিষয়। তাঁর পক্ষে সমাধান করা সম্ভব নয়।