বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে তিন খুনের ঘটনায় মামলা দায়ের হওয়ার ৪৮ ঘণ্টা পরও কাউকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি। তবে পুলিশ বলছে, সঠিক প্রক্রিয়ায় মামলা পরিচালিত হচ্ছে। অপরদিকে হত্যাকাণ্ডের পর থেকে সার্বেয়াতলী ও পাশের খেদারমারা ইউনিয়নে আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
বিজিবি আয়োজিত আইনশৃঙ্খলা সভায়ও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার পর থেকে আশপাশের এলাকায় দুই পক্ষের সশস্ত্র লোকজন মুখোমুখি অবস্থানে রয়েছেন।
লোকজনের আশঙ্কা, যেকোনো মুহূর্তে সশস্ত্র সংঘাত হতে পারে। তবে কোনো পক্ষই স্থানীয় লোকজনের এ আশঙ্কার বিষয়টি স্বীকার করেনি।
এদিকে গতকাল রোববার বিজিবির বাঘাইছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম স্থানীয় লোকজনের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। উপস্থিত লোকজন সাম্প্রতিক সহিংসতা, অস্ত্রের মহড়া, বন্দুকযুদ্ধ ও হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা জানান, শিজক এলাকার হত্যাকাণ্ডের পরদিন শুক্রবার সকাল নয়টার দিকে বিজিবি জোন থেকে মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে জীবতলী এলাকায়ও দুর্বৃত্তরা কমপক্ষে সাতটি ফাঁকা গুলি ছুড়েছে। এর আগে ১৩ নভেম্বর উপজেলা সদর ইউনিয়নের মারিশ্যা এলাকায় প্রায় এক ঘণ্টা বন্দুকযুদ্ধ হয়েছে। উপজেলা ও আশপাশের এলাকায় বন্দুকধারীদের তৎপরতা বেড়েছে।
সভায় বক্তারা গত বৃহস্পতিবার সংঘটিত হত্যাকাণ্ডের মামলা যেন অন্য খাতে প্রবাহিত না হয় এবং প্রকৃত অপরাধীদের যেন আইনের আওতায় আনা হয়, সে ব্যাপারে পুলিশের প্রতি আহ্বান জানান।
এ সময় বিজিবির জোন অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিক উল্লাহ, কাচালং কলেজের অধ্যক্ষ স্বপন কুমার দে, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, তুলাবান উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞানময় চাকমা, বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি সুমেধ চাকমা ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা সভাপতি আকছার উদ্দিন। বৃহস্পতিবার সকালে বাঘাইছড়ি উপজেলার সার্বেয়াতলী ইউনিয়নের শিজক কলেজের সামনে একদল দুর্বৃত্তের হামলায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির দুই নেতা ও স্থানীয় এক ব্যক্তি মারা যান। এ ঘটনায় নিহত শশাঙ্ক মিত্র চাকমার স্ত্রী ঝরনা চাকমা বাদী হয়ে শুক্রবার বিকেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমাসহ জনসংহতি সমিতি (এম এন লারমা) ও ইউপিডিএফের ১৭ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যদিও সংগঠন দুটির পক্ষ থেকে তাদের কোনো সদস্যের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করা হয়েছে।
প্রকাশিত সংবাদের ব্যাখ্যা: গতকাল প্রথম আলোর বিশাল বাংলায় প্রকাশিত ‘বাঘাইছড়িতে তিন খুনের তদন্ত শুরু, চেয়ারম্যানসহ আসামি ১৭’ শীর্ষক সংবাদে আইও পুলিশের উপপরিদর্শক মো. নুরুন্নবীর উদ্ধৃতি দিয়ে ‘দুর্বৃত্তরা কোন দিক থেকে এসেছে, কোন দিকে গেছে তা দেখেছি’ ছাপা হয়েছে। আইও নুরুন্নবী তা বলেননি বলে উল্লেখ করে জানান, তিনিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে স্থানীয় লোকজনের কাছ থেকে দুর্বৃত্তদের আসা-যাওয়ার স্থানটি জেনেছেন।