বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জরুরি সভা
রাঙামাটির বাঘাইছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা প্রশাসন মিলনায়তনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) মারিশ্যা জোন ও উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।সম্প্রতি বাঘাইছড়িতে হত্যা, অপহরণ ও সন্ত্রাসী তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল এ সভা অনুষ্ঠিত হলো। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর্শন চাকমা। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ির আঞ্চলিক কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মামুন অর রশিদ। বক্তব্য দেন বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রেহান উদ্দিন, বাঘাইছড়ি পৌর মেয়র মো. আলমগীর কবির, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, আওয়ামী লীগের নেতা সম্রাটসুর চাকমা, ভদ্রসেন চাকমা, জমির উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি বাঘাইছড়িতে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। প্রকাশ্যে সশস্ত্র মহড়া, অপহরণ, হত্যাকাণ্ডের মতো ঘটনা বাড়ছে। এসবের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপ না নেওয়ায় সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠছে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ এখন সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারে না। বক্তারা জানান, উপজেলায় গত ছয় মাসে আঞ্চলিক রাজনৈতিক সংঘাতে ছয়জন নিহত হয়েছে। এর মধ্যে একজন শিক্ষকও রয়েছেন। অপহূত হয়েছে আটজন। এর মধ্যে চারজন মুক্তি পেলেও চারজন এখনো পায়নি। অন্যদিকে ১৪ ডিসেম্বর মোটরসাইকেল চালক মো. আবদুস সাত্তার ও ১৫ জানুয়ারি মোটরসাইকেল চালক মো. মামুন নিখোঁজ হন। বিজিবির লে. কর্নেল মুনির হাসান বলেন, এলাকায় টহল বাড়ানো হয়েছে। সশস্ত্র সন্ত্রাসীদের রুখতে এলাকাবাসীর সহযোগিতা প্রয়োজন। এর আগে গত বুধবার বাঘাইছড়ি প্রশাসনিক মিলনায়তনে জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি মতবিনিময় সভা হয়। এতে ইউএনডিপির বাংলাদেশের আবাসিক প্রতিনিধি নিল ওয়াকার উপজেলায় আদিবাসী-বাঙালি সংঘাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।