বাঘাইছড়িতে আওয়ামী লীগের ৪ নেতা লাঞ্ছিত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতা লাঞ্ছিত হয়েছেন। গত সোমবার রাতে রুপকারী ইউনিয়নের গলাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত আটটার দিকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিং কিউ রোয়াজা, জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা, জেলা আওয়ামী লীগের মানবসম্পদবিষয়ক সম্পাদক কেরোল চাকমা ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জে এফ আনোয়ারা চিনু নিমন্ত্রণ খেতে রুপকারী ইউনিয়নের হেডম্যান ও আওয়ামী লীগের নেতা বিশ্বজিৎ চাকমার বাড়িতে যান। সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর অপরিচিত কিছু যুবক ওই বাড়িতে প্রবেশ করে তাঁদের দুই মিনিটের মধ্যে চলে যাওয়ার জন্য শাসিয়ে যান। তারপর ওই নেতারা নিমন্ত্রণ না খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। তাঁরা বাড়ির পাশের একটি দোকানের সামনে পৌঁছালে ওত পেতে থাকা কয়েকজন যুবক তাঁদের লাঞ্ছিত করে। ওই যুবকদের হাতে লাঠিসোঁটা ছিল। একপর্যায়ে ওই যুবকেরা চিং কিউ রোয়াজাকে লাঠি দিয়ে পেটানো শুরু করে। এ সময় অন্য নেতারা দৌড়ে গিয়ে পাশের বাড়িতে আশ্রয় নেন। পরে হামলাকারীরা পালিয়ে যায়। পরে জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমা মুঠোফোনে রুপকারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পারদর্শী চাকমা ও বঙ্গলতলী ইউপির চেয়ারম্যান তারুসী চাকমাকে ঘটনাটি জানিয়ে তাঁদের উদ্ধার করার জন্য অনুরোধ করেন। পরে দুই চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউপিডিএফের অঙ্গসংগঠন যুব ফোরামের ১০-১২ জন কর্মী এ ঘটনাটি ঘটিয়েছে বলে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিযোগ করা হয়। ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক সমশান্তি চাকমা বলেন, ‘এ ধরনের হামলার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই।’ তবে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল শুক্কুর মিয়া বলেন, সম্প্রতি জেলা পরিষদ থেকে শিক্ষক নিয়োগে দলীয়করণ হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছিল। সে কারণে এ ঘটনা ঘটতে পারে।বাঘাইছড়ি থানার ওসি মো. নাঈম উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ নিয়ে আসেনি। ইউএনও মো. সাজেদুল ইসলাম বলেন, ‘আমাকে বিষয়টি জানানো হয়নি। পরে জানতে পারি তাঁরা সবাই রাঙামাটি চলে গেছেন।’