বাঘাইছড়িতে আজ সড়ক ও নৌপথ অবরোধ শুরু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার জনসংহতি সমিতির (এমএন লারমা) এক কর্মীর ওপর গুলিবর্ষণের প্রতিবাদে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ অবরোধ শুরু হচ্ছে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়।
বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাবুপাড়া গ্রামে জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য বসু চাকমা একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ অবস্থায় তালুকদারপাড়া থেকে মোটরসাইকেলযোগে দুজন দুর্বৃত্ত ভারী অস্ত্র নিয়ে দোকানের সামনে আসে। এ সময় বসু চাকমা তাদের উপস্থিতি টের পেয়ে চায়ের দোকানের পেছনের দরজা দিয়ে পালিয়ে যান। তাঁকে পালিয়ে যেতে দেখে দুর্বৃত্তরা বসু চাকমাকে লক্ষ্য করে ১০-১২টি গুলি করে।
বাঘাইছড়ি টিকিট কাউন্টারের মালিক কিনাম দাশ বলেন, সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখার জন্য প্রেস বিজ্ঞপ্তি ও মুঠোফোনে বলা হয়েছে। আমরা কোনো টিকিট বিক্রি করিনি। জনসংহতি সমিতির (এমএন লারমা) পক্ষ থেকে যদি অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত পাই, তখন টিকেট বিক্রি শুরু হবে।