বাঘাইছড়িতে আদিবাসী ও বাঙালিদের সম্প্রীতি সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে আদিবাসী-বাঙালিদের এক যৌথ শান্তি-সম্প্রীতি সভায় অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসনের কার্যক্রম শুরু ও বাঘাইহাট বাজার চালু করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি স্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এ ছাড়া সহিংস ঘটনার পর পাল্টাপাল্টি যেসব মামলা হয়েছে সেগুলো স্থগিত বা শিথিল করার প্রস্তাব করেছেন আদিবাসী ও বাঙালিরা। বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনার তিন মাস পর গত রোববার বেলা সাড়ে ১১টায় বাঘাইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা হয়। সভায় সামরিক-বেসামরিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা, সেনাবাহিনীর খাগড়াছড়ি অঞ্চলের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক সৌরেন্দ্র নাথ চক্রবর্তী, পুলিশ সুপার মাসুদ উল হাসান।সভায় আদিবাসীদের পক্ষ থেকে স্বীকার করা হয়, তাঁরা যেখানে রয়েছেন সেসব জায়গা তাঁদের নয়। তবে তাঁরাই প্রথম জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছেন। উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, এখানে যেসব আদিবাসী বসবাস করছেন তাঁরা সবাই অভ্যন্তরীণ উদ্বাস্তু। তাঁদের জায়গা-জমি উদ্ধার করে পুনর্বাসন করা হলে বন বিভাগের জমি উদ্ধার সহজ হবে। গঙ্গারামমুখ গ্রামের প্রধান জ্যোতিলাল কার্বারি বলেন, ‘পার্বত্য চুক্তির পর নিজেদের জায়গা-জমি ফিরে পাব, সে আশায় সাজেকের গভীর বন থেকে এখানে এসে জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করেছিলাম। বাঙালি ভাইদের কেন এসব বাগানের প্রতি লোভ হয়েছে? ১৯৭৯ সালে লংগদু উপজেলা থেকে উচ্ছেদ করে বাঙালিরা আমাদের সহায়সম্পদ দখল করেছে। আমরা উদ্বাস্তু হয়ে পড়েছি । আমাদের জায়গা-জমি ফেরত দিলে আমরা সেখানে চলে যাব।’সেনাবাহিনীর বাঘাইহাট অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মহসিন আলম শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে বেসরকারি সংস্থাগুলো এখানে কাজ করবে না বলে জানিয়েছে। এলাকার উন্নয়ন চাইলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করতে হবে। গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি বাঘাইছড়ির বাঘাইহাটে আদিবাসী-বাঙালি সহিংস ঘটনায় দুইজন আদিবাসী নিহত হন। সে সময় পাঁচ শতাধিক বাড়িতে অগ্নিসংযোগ করা হয়।