রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার কাচালং ডিগ্রি কলেজের আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সামনে এ ঘটনা ঘটে।গত মঙ্গলবার কলেজের বাঙালি এক ছাত্রীর সঙ্গে এক আদিবাসী ছাত্রের ধাক্কা লাগার জের ধরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।আহত ব্যক্তিরা হলেন কাচালং ডিগ্রি কলেজের শিক্ষক দেবব্রত চাকমা, একাদশ শ্রেণীর ছাত্রী রন্ন্যাবি চাকমা, নন্দিতা চাকমা ও ছাত্র সুনীল চাকমা।কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের ভাষ্যমতে, গত মঙ্গলবার একাদশ শ্রেণীর এক বাঙালি ছাত্রীর সঙ্গে একই বিভাগের আদিবাসী ছাত্র নিউটন চাকমার সিঁড়িতে ধাক্কা লাগে। ওই ঘটনা কয়েকজন বাঙালি ছাত্রের চোখে পড়লে তাঁরা নিউটনের শাস্তির দাবি জানান। এ জন্য নিউটন সবার সামনে ওই ছাত্রীর কাছে ক্ষমা চান এবং ভবিষ্যতে আর এ ধরনের ঘটনা ঘটবে না বলে অঙ্গীকার করেন।কিন্তু বাঙালি ছাত্ররা শিক্ষকদের এমন সমঝোতার বিরোধিতা করেন। গতকাল ছিল কাচালং ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর পরীক্ষা। পরীক্ষা চলাকালে কয়েক শ বাঙালি কলেজ ক্যাম্পাসে গিয়ে সকাল সাড়ে নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত কলেজ অবরোধ করেন। তাঁরা নিউটনকে গ্রেপ্তারের দাবি জানান। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা সেখানে গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বলেন। তাঁরা আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের পাহারা দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন। কলেজ থেকে বের হওয়ার কিছুক্ষণ পর চার-পাঁচজন বাঙালি যুবক লাঠিসোঁটা নিয়ে আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। কয়েকজন বাঙালি যুবক পেছন থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর ইট ছোড়ে। এতে আহত হন চারজন। তাঁরা নিজ নিজ বাড়িতে চিকিৎসা নিয়েছেন।বাঙালি ছাত্র পরিষদের উপজেলা সভাপতি আবু কাইয়ুম বলেন, উদ্দেশ্যমূলকভাবে ওই ছাত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। আদিবাসী শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর হামলার বিষয়টি তাঁর জানা নেই বলে তিনি দাবি করেন।নিউটন চাকমার দাবি, তিনি ইচ্ছে করে ধাক্কা দেননি। বিপরীত দিক থেকে আসায় ধাক্কা লেগেছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের প্রথম আলোকে বলেন, ঢিল ছোড়ার ঘটনায় কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পরীক্ষা এবং কলেজ বন্ধ থাকবে।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘পরীক্ষার সময় অনেক বাঙালি কলেজের গেটের সামনে ছিল। তাই আমরা পাহাড়ি ছাত্রদের নিরাপত্তা দিতে গিয়েছিলাম। পরে নিরাপত্তা দিয়ে নিয়ে আসার সময় বাইরে থেকে ঢিল ছোড়া হয়। এতে আমার সামনে এক ছাত্রী আহত হন।’