বাঘাইছড়িতে আদিবাসীদের পাঁচ দফা দাবি
রাঙামাটির একটি রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার বাঘাইছড়ি সম্মিলিত নাগরিক কমিটি ও সম্মিলিত মহিলা কমিটির যৌথ সংবাদ সম্মেলনে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। এদিকে মামলা করায় বাঘাইছড়ি আদিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দাবিগুলো হলো: আদিবাসীদের ওপর সাম্প্রদায়িক নিপীড়নের ষড়যন্ত্র বন্ধ করা, আবদুস সাত্তার ও চিগন মিলে চাকমার প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দেওয়া, আবদুস সাত্তার হত্যাকাণ্ডে বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমাসহ নিরপরাধ ব্যক্তিদের আসামির তালিকা থেকে বাদ দেওয়া, আদিবাসীদের ওপর আক্রমণকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং আদিবাসী ও বাঙালিদের মধ্যে স্থায়ী সমপ্রীতির পরিবেশ সৃষ্টি করা।সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৪ ডিসেম্বর বাঘাইছড়ি ও দীঘিনালায় আদিবাসীদের ওপর হামলা হয়। এ ঘটনায় সুদর্শন চাকমাসহ অনেক আদিবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়। এতে আদিবাসীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ওই দিন বাঙালিপাড়া ও চাকমাপাড়ার মাঝামাঝি স্থান থেকে সাত্তারের লাশ উদ্ধারের পর আদিবাসীদের ওপর হামলা হয়। এতে চিগন মিলে চাকমা নামের এক আদিবাসী নারী মারা যান। এ হামলার ব্যাপারে আদিবাসীদের পক্ষ থেকে মামলা করা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরং আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে।এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং কলেজের প্রভাষক গৌরিকা চাকমা, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা।