বাঘাইছড়িতে আরেক মোটরসাইকেল চালক নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মো. মামুন (২৬) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তাঁর বাড়ি সদরের মুসলিম ব্লক গ্রামে। এ ঘটনায় বাঘাইছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।মামুনের মা মাফিয়া বেগম ও স্ত্রী সখিনা বেগম জানান, গত রোববার সকাল সাতটায় মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মামুন। সকাল নয়টার দিকে মামুন মুঠোফোনে তাঁদের জানান, যাত্রী নিয়ে তিনি দীঘিনালা যাচ্ছেন। এর পর থেকে রাত আটটা পর্যন্ত তাঁর কোনো খোঁজ না পাওয়ায় বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হয়। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী বলেন, মামুনের খোঁজে তল্লাশি চলছে। মামুনের মোটরসাইকেলটি দীঘিনালা উপজেলার একটি গ্যারেজ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।মামুনের নিখোঁজ হওয়ার খবর জানাজানি হলে গতকাল সকালে বাঙালিরা বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনি, মুসলিম ব্লকসহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকে। পরে ওই এলাকাগুলোতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।উদ্ভূত পরিস্থিতিতে বিকেল চারটায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম। উপস্থিত ছিলেন বিজিবির মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বাঘাইছড়ি পৌরসভার মেয়র আলমগীর কবির ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাইম উদ্দিন। সভায় আদিবাসী ও বাঙালিদের প্রতি গুজবে কান না দেওয়ার অনুরোধ জানানো হয়। ইউএনও সাজেদুল ইসলাম বলেন, মামুনকে খুঁজে বের করার চেষ্টা অব্যাহত রয়েছে। এর আগে গত ১৪ ডিসেম্বর একজন মোটরসাইকেলচালক খুন হন। ওই ঘটনার পর বাঙালিদের হামলায় আদিবাসী এক নারী নিহত হন। আহত হয় ১৫ জন।