বাঘাইছড়িতে ইউপি সদস্যসহ চারজন অপহূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত রোববার রাতে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ চারজন অপহূত হয়েছেন।অপহূত ব্যক্তিরা হলেন, খেদারমারা ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য উলুছড়ি গ্রামের সমীরণ চাকমা (৩৮), তাঁর প্রতিবেশী প্রমোদ কান্তি চাকমা (৩৭) এবং রূপকারী ইউনিয়নের পাকুজ্যাছড়ি গ্রামের বিজয় কান্তি চাকমা (৩৫) ও জতেজ চাকমা (৪০)। অপহূত সমীরণ চাকমার স্ত্রী কৃষ্ণা চাকমা প্রথম আলোকে জানান, রোববার রাত ১০টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি দল বাড়ি ঘেরাও করে তাঁর স্বামীর খোঁজ করে। তিনি ওই দলটিকে জানান, সমীরণ পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে গেছেন। তখন দুর্বৃত্তরা ওই বিয়ের অনুষ্ঠানে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে অতিথিদের সামনে থেকে সমীরণকে নিয়ে যায়। প্রমোদের স্ত্রী রিতা চাকমা জানান, ওই রাতে একদল লোক বাড়ি এসে পানি খেতে চায়। তাঁর স্বামী প্রমোদ পানি নিয়ে উঠানে গেলে তারা অস্ত্র দেখিয়ে তাঁকে ধরে নিয়ে যায়। রিতা বলেন, তাঁর স্বামী কৃষক। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। একই রাতে উলুছড়ি গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরের রূপকারী ইউনিয়নের লাইল্যাঘোনা গ্রাম থেকে একই কায়দায় বিজয় ও জৌতেশকে অপহরণ করা হয়। খেদারমারা ইউপির চেয়ারম্যান অমলেন্দু চাকমা জানান, কে বা কারা ওই চারজনকে অপহরণ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী অপহরণের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগে গত ১৭ জানুয়ারি বাঘাইছড়ি সদর ইউনিয়নের পানছড়ি গ্রাম থেকে নাঙ্গা চাকমা (২৫), প্রিয় চাকমা (১৮) ও নিরাময় চাকমা (১৭) অপহূত হয়। ১৫ জানুয়ারি মো. মামুন নামের এক মোটরসাইকেলচালককে অপহরণ করা হয়। এই চারজনকে এখনো উদ্ধার করা যায়নি।