বাঘাইছড়িতে ইউপিডিএফের সদস্যকে হত্যা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মোহন লাল চাকমা (৩৫) নামের ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলা সদরের তালুকদারপাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য পার্বত্য চুক্তিবিরোধী ইউপিডিএফ পার্বত্য চুক্তির পক্ষের জনসংহতি সমিতিকে দায়ী করেছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে তালুকদারপাড়া গ্রামের মোহন লাল দুই ব্যক্তির সঙ্গে এলাকার একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। একপর্যায়ে তিনজন সশস্ত্র দুর্বৃত্ত সেখানে উপস্থিত হয়ে মোহন লালকে অপহরণের চেষ্টা করে। এ সময় পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মোহন লালের মৃত্যু হয়। ভয়ে মোহন লালের দুই সঙ্গী পালানোর সময় সন্ত্রাসীরা তাঁদের গুলি করতে করতে ধাওয়া করে। ওই দুই ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।পরে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল মুনির হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজেদুল ইসলাম ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনাস্থল পরিদর্শন করেন।এদিকে এ ঘটনার প্রতিবাদে ইউপিডিএফের অঙ্গ সংগঠন যুব ফোরামের নেতা-কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন। সমাবেশে বক্তারা এ ঘটনার জন্য জনসংহতি সমিতির কর্মীরা জড়িত বলে অভিযোগ করেন। ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়কারী অলকেশ চাকমা বলেন, মোহন লাল চাকমা তাঁদের দলের সদস্য। জনসংহতি সমিতির কর্মীরা তাঁকে হত্যা করেছেন। অভিযোগ অস্বীকার করে জনসংহতি সমিতির সহকারী তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে এ ঘটনার জন্য জনসংহতি সমিতিকে দায়ী করা হচ্ছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম উদ্দিন বলেন, এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে।ওদের কে দেখবে: গত ডিসেম্বরে তিন শিশুকন্যা রেখে মোহন লালের স্ত্রী মারা যান। গতকাল সন্ধ্যায় মোহন লালের বাড়িতে গিয়ে দেখা গেছে, বড় ও ছোট নাতিকে জড়িয়ে ধরে মোহন লালের মা কাঁদছেন। মোহন লালের মা কালা মিলে চাকমা (৬৫) বলেন, ‘আমার তিন নাতি জেকি চাকমা (১৪), তুসি চাকমা (১১) ও শতরূপা চাকমা (৭) এখন বাবা-মাহারা। আমারও বয়স হয়ে গেছে।’ তিনি প্রশ্ন করেন, এখন ওদের কে দেখবে? উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামে সংঘাতে অনেক ছেলেমেয়ে তাদের বাবাকে হারিয়েছে। বিষয়টি দুঃখজনক। মোহন লালের তিন মেয়ে এখন অসহায়।