বাঘাইছড়িতে এক শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার মানববন্ধন হয়েছে। ওই শিক্ষকের বিরুদ্ধে ১৩ জন ছাত্রী যৌন হয়রানির অভিযোগ তুলেছে।স্থানীয় সূত্রের বিবরণ অনুযায়ী, বাঘাইছড়ির দূরছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই শিক্ষকের গ্রেপ্তারের দাবিতে গতকাল বাঘাইছড়ি সদর-দূরছড়ি সড়কে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধন করেন। সকাল সাড়ে নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে। দূরছড়ি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চিত্রদর্শী চাকমা বলেন, বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ১৩ ছাত্রীর কাছ থেকে অভিযোগ পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিভাবক অরুণ চাকমা ও সুনীল চাকমা বলেন, ‘একজন শিক্ষক হয়ে তিনি যে কাজ করেছেন, তা ক্ষমার অযোগ্য। আমরা তাঁর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’যোগাযোগ করা হলে ওই শিক্ষক বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি ছাত্রীদের সঙ্গে কোনো খারাপ আচরণ করিনি।’বাঘাইছড়ির ইউএনও রেহান উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। অভিযোগ প্রমাণিত হলে শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’