বাঘাইছড়িতে এম এন লারমা পক্ষের নেতাকে হত্যার চেষ্টা
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এম এন লারমা পক্ষের নেতা চিত্ত বিকাশ চাকমা (৪৮) অল্পের জন্য আততায়ীদের হাত থেকে রক্ষা পেয়েছেন। গত মঙ্গলবার রাতে বাঘাইছড়ি উপজেলা সদরের বাঙালি অধ্যুষিত চৌমুহনীতে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত তিন ব্যক্তি তাঁকে হত্যার চেষ্টা করে।চিত্ত বিকাশ চাকমা প্রথম আলোকে বলেন, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে চৌমুহনী এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জমির উদ্দিনের সঙ্গে কথা বলছিলেন। এ সময় তিনজন সশস্ত্র ব্যক্তি তাঁর কাছে এসে একজন অস্ত্র তাক করে গুলি চালানোর চেষ্টা করে। পরপর দুবার চেষ্টার পরও গুলি বের হয়নি। পরে অপর দুই ব্যক্তি অস্ত্র তাক করার আগে তিনি পালানোর সুযোগ পান। অস্ত্রধারীরা তাঁকে ধাওয়া করলে তিনি একটি দোকানে ঢুকে পেছনের জানালা দিয়ে পুকুরে ঝাঁপ দেন। এরপর অস্ত্রধারীরা ওই স্থান ত্যাগ করে।চিত্ত বিকাশ জানান, এর আগে গত ১২ ফেব্রুয়ারি হাজী পাড়ার সামনে আরও একবার তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছিল।