কৃষি ব্যাংকের রাঙামাটির বাঘাইছড়ি শাখা থেকে টাকা চুরির ঘটনায় গতকাল রোববার ওই শাখার সহকারী ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও নৈশপ্রহরীকে জেলহাজতে পাঠানো হয়েছে। পৃথক দুটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।গত শুক্রবার রাতে কৃষি ব্যাংক বাঘাইছড়ি শাখা থেকে ১৪ লাখ ৭২ হাজার ১২১ টাকা চুরি হয়। এ ঘটনায় ব্যাংকের ব্যবস্থাপক সত্য বিকাশ চাকমা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি মামলা করেন। গতকাল ব্যাংকের সহকারী ব্যবস্থাপক সুপ্রীতি বিকাশ তালুকদার, ক্যাশিয়ার সঞ্জীব চাকমা ও নৈশপ্রহরী মো. ইলিয়াসকে রাঙামাটি মুখ্য বিচারিক হাকিম মো. শরিফুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে কৃষি ব্যাংকের প্রিন্সিপাল কর্মকর্তা জগত বিজয় চাকমা এবং ব্যবস্থাপক খালেদ হোসেনের নেতৃত্বে দুটি তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিদর্শনের সময় জগত বিজয় চাকমা বলেন, ব্যাংকের কেউ এ চুরির সঙ্গে জড়িত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। চোরেরা ব্যাংকের মূল ফটক দিয়ে প্রবেশ করেছে। আর শৌচাগারের পাশে যে দেয়াল ভাঙা হয়েছে, তা লোক দেখানোমাত্র। খালেদ হোসেন বলেন, দায়িত্ব অবহেলার অভিযোগে ওই তিনজনকে আটক করা হয়েছে। ভল্টের চাবি যেভাবে ব্যবহার হওয়ার কথা, সেভাবে ব্যবহার হয়নি এবং তাঁরা চাবি ঠিকমতো হেফাজতে রাখেননি।