বাঘাইছড়িতে কালভার্ট নির্মাণে কোটি টাকা অপচয়!
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা কাচালং বাজার-দুরছড়ি সড়কে কালভার্ট নির্মাণে সংশ্লিষ্টদের অবহেলায় কোটি টাকা অপচয় করা হচ্ছে। তিন লাখ টাকার কাজ এক কোটি ৩০ লাখ টাকায় করতে হচ্ছে বলে জানা গেছে। উপজেলা প্রকৌশলী সূত্রে জানা গেছে, কাচালং বাজার-দুরছড়ি সড়কে কাচালং এলাকায় বক্স কালভার্ট নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণে ব্যয় ধরা হয় এক কোটি ২৯ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ কালভার্টের ৬১ দশমিক ৪ মিটার দৈর্ঘ্য ও সাড়ে তিন মিটার প্রস্থ। গত ৩ নভেম্বর টেন্ডারের মাধ্যমে কপোতেশ্বর এন্টারপ্রাইজ ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পায়। আগামী ৩০ জুনের মধ্যে শেষ করার কথা রয়েছে বলে জানা গেছে। পৌরসভা ও সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, ২০১০ জুন মাসের মাঝামাঝি কাচালং বাজার-দুরছড়ি সড়কে কাচালং বাজার এলাকায় সামান্য ফাটল সৃষ্টি হয়। এতে এলাকাবাসী একাধিকবার পৌরসভা ও উপজেলা প্রকৌশলীর কাছে সংস্কারের জন্য জানান। কিন্তু তাঁদের অভিযোগ দুই প্রতিষ্ঠানই সংস্কারের দাবিটি আমলে নেয়নি। পরে জুলাই মাসের শেষের দিকে পৌরসভা থেকে তিন লাখ টাকার রক্ষা দেয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু যথাসময়ে কাজ শুরু না করায় ফাটল বড় আকার ধারণ করে। এতে কাজ শুরু করার আগে গত আগস্ট মাসের শেষের দিকে পুরো সড়ক ভেঙে যায়। তার পর থেকে ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বাঘাইছড়ি পৌর কাউন্সিলর মো. হোসেন বলেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে তিন লাখ টাকায় একটা প্রকল্প দেওয়া হয়েছে। কিন্তু প্রকল্পের কাজ শুরুর আগেই সড়কটি ধসে যায়। পৌরসভা থেকে এর আগে ভাঙন দেখা দিলে গাছের খুঁটি দিয়ে রক্ষা করা হয়। বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন প্রথম আলোকে বলেন, যখন সামান্য ভাঙন দেখা দেয় তখন লাখ দুয়েক টাকায় কালভার্টটি রক্ষা করা যেত। সংশ্লিষ্টদের আমলে না নেওয়ায় এখন কোটি টাকা ব্যয় করতে হচ্ছে।বাঘাইছড়ি এলজিইডির প্রকৌশলী মুহামঞ্চদ জিয়াউল হক বলেন, চলতি মাসে কালভার্টটির নিমাণকাজ শুরু হয়েছে। আগামী জুন মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করতে হবে। এ কালভার্টের নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, শুনেছি কাচালং বাজার-দুরছড়ি সড়কে একটি কোটি টাকার কালভার্ট নির্মাণকাজ শুরু হয়েছে। যে কালভার্টটি নির্মাণ করা হচ্ছে, সময়মতো করা হলে এত টাকা প্রয়োজন হতো না। এ কাজে সরকারের কোটি টাকা অপচয় হচ্ছে বলে তিনি জানান।