বাঘাইছড়িতে কৃষি ব্যাংক থেকে ১৫ লাখ টাকা চুরি, আটক ৩
রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি ব্যাংকের শাখা থেকে গত শুক্রবার রাতে প্রায় ১৫ লাখ টাকা চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ব্যাংকের ওই শাখার সহকারী ব্যবস্থাপক সুপ্রীতি বিকাশ তালুকদার, ক্যাশিয়ার সঞ্জীব চাকমা ও নৈশপ্রহরী মো. ইলিয়াসকে আটক করেছে পুলিশ।ব্যাংকের হিসাব অনুযায়ী, চুরি হয়ে যাওয়া টাকার পরিমাণ ১৪ লাখ ৭২ হাজার ১২১ টাকা।গতকাল শনিবার সরেজমিনে বাঘাইছড়ি উপজেলা শহরের চৌমুহনীতে কৃষি ব্যাংকের শাখার ভেতরে গিয়ে দেখা যায়, ক্যাশিয়ারের টেবিলের ড্রয়ার, স্টিলের আলমারি ও টাকা রাখার ভল্ট খোলা। ভল্টের চাবি ঝুলছে। শৌচাগারের দেয়ালের কিছু অংশ ভাঙা।ব্যাংকের ক্যাশিয়ার সঞ্জীব চাকমা বলেন, শনিবার ব্যাংক বন্ধ। কিন্তু কিছু কাজ থাকায় সকালে ব্যাংকে এসে তাঁর টেবিলের ড্রয়ার, স্টিলের আলমারি ও ভল্ট খোলা দেখতে পান।সঞ্জীব চাকমা জানান, তাঁর হেফাজতে থাকা ভল্টের চাবি ব্যাংকের স্টিলের আলমারিতে থাকে। আর স্টিলের আলমারির চাবি থাকে তাঁর কাছে। তিনি জানান, তিনি বরাবরের মতো নিজের টেবিলের ড্রয়ারে স্টিলের আলমারির চাবি রেখে গিয়েছিলেন। সঞ্জীবের ধারণা, চোরেরা তাঁর ড্রয়ার থেকে চাবি বের করে স্টিলের আলমারিতে থাকা চাবি নিয়ে ভল্ট খুলেছে। তবে তিনি জানান, ব্যাংকের ভল্ট খুলতে একসঙ্গে ব্যবস্থাপক ও ক্যাশিয়ারের চাবির প্রয়োজন হয়।ব্যবস্থাপক সত্য বিকাশ চাকমা ছুটিতে থাকায় ভল্টের চাবি সহকারী ব্যবস্থাপক সুপ্রীতি বিকাশ তালুকদারের কাছে ছিল। সুপ্রীতি বিকাশ তালুকদার দায়িত্ব ও চাবি তাঁর কাছে থাকার কথা স্বীকার করে জানান, ভুলবশত ভল্টে একটাই চাবি ব্যবহার করা হয়েছিল।ব্যবস্থাপক সত্য বিকাশ চাকমা জানান, ছুটিতে থাকায় তিনি বিস্তারিত কিছু জানেন না।নৈশপ্রহরী মো. ইলিয়াস বলেন, শুক্রবার রাতে তাঁর দায়িত্ব পালনের সময় ব্যাংক থেকে মাত্র ১৫০ থেকে ২০০ গজ দূরে সংগীতানুষ্ঠান চলছিল। এ সময় তিনি ব্যাংক ফেলে সংগীতানুষ্ঠান উপভোগ করতে যান। পরে বোনের অসুস্থতার খবর পেয়ে তিনি মধ্যপাড়ার বাড়িতে যান। এরপর তিনি আর ব্যাংকে ফেরেননি।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান জানান, তদন্তের স্বার্থে সহকারী ব্যবস্থাপক, ক্যাশিয়ার ও নৈশপ্রহরীকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের পর নিয়মিত মামলা করা হবে। তিনি প্রথম আলোকে বলেন, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী মাত্র পাঁচজন। তাঁদের মধ্যে কেউ জড়িত না থাকলে চোর কীভাবে জানল, কোন চাবি কোথায় থাকে?