বাঘাইছড়িতে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা চাইল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার চার ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা চেয়েছে প্রশাসন৷ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের তালিকা জমা দিতে বলা হয়েছে৷
গত বুধবার প্রথম আলোয় ‘বাঘাইছড়ির গ্রামে গ্রামে খাদ্যসংকট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়৷ এরপর প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়৷
প্রশাসন সূত্র জানায়, গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মো. মোস্তফা কামাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা পাঠানোর নির্দেশ দেন। সেদিনই ইউএনও উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জিয়াউল হককে আহ্বায়ক করে চার সদস্যের কমিটি গঠন করেন৷ পরে ওই কমিটি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের গতকাল শুক্রবারের মধ্যে খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা দিতে বলে৷
বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা বলেন, ‘কমিটি খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা চেয়েছে। আমাদের ইউনিয়নের তালিকা জমা দেওয়া হয়েছে।’
কমিটির আহ্বায়ক মুহাম্মদ জিয়াউল হক বলেন, ‘চার ইউনিয়নের দুর্গম গ্রামগুলোতে যথেষ্ট খাদ্যসংকট চলছে। স্থানীয়ভাবে বাঁশ আহরণ বন্ধ, জুমের উৎপাদন কম হওয়া ও যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।’ তিনি জানান, চার ইউনিয়নের মধ্যে তিনটির তালিকা পাওয়া গেছে। সব ইউনিয়নের তালিকা পেলে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।
ইউএনও সুমন চৌধুরী বলেন, ‘জেলা প্রশাসক স্যার এই বিষয়ে প্রতিবেদন ও খাদ্যসংকটে থাকা পরিবারগুলোর তালিকা চেয়েছেন। আমার মনে হয় তালিকা ও প্রতিবেদন পেলে খাদ্যশস্য বরাদ্দ করা হবে৷’