বাঘাইছড়িতে গ্রেপ্তারি পরোয়ানার আসামি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জহিরুল ইসলাম (৩০) নামের গ্রেপ্তারি পরোয়ানার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের হাজিপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাজিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জহিরুলকে আটক করা হয়। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। চার মাস আগে তিনি হাজিপাড়া গ্রামের এক নারীকে ধর্ষণের চেষ্টা করেন। ধর্ষণের চেষ্টা ব্যর্থ হলে ওই নারীকে লাঠি ও ঘুষি দিয়ে গুরুতর আহত করা হয়। পরে ওই নারীর স্বামী বাদী হয়ে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তী সময়ে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার পর গত বৃহস্পতিবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বাঘাইছড়ি থানার উপপরিদর্শক মো. মাসুদ বলেন, গতকাল সন্ধ্যায় হাজিপাড়া গ্রামে অভিযান চালিয়ে মো. জহিরুল ইসলামকে আটক করা হয়।