বাঘাইছড়িতে ছাত্রদলের অনুষ্ঠানস্থলে হামলা আহত ১২
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় ছাত্রদলের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে গতকাল বৃহস্পতিবার ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ছাত্রদলের ১২ নেতা-কর্মী আহত হয়েছেন। ছাত্রদলের কর্মীরা অভিযোগ করেছেন, সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের প্রস্তুতি চলছিল। হঠাৎ ১০-১৫ জন ছাত্রলীগের কর্মী সেখানে এসে ছাত্রদলের কর্মীদের মারধর শুরু করেন। এতে মো. সেলিম, আবদুল হালিম, আজগর, নিজাম, মুশফিকুর রহিম, ফজল, আজিজুল হকসহ ১২ জন আহত হন। ছাত্রলীগের বাঘাইছড়ি থানার সভাপতি অভিষেক চাকমা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ছাত্রদলের কর্মীরা আপত্তিকর মন্তব্য করায় তাঁদের কর্মীরা তার প্রতিবাদ করেছেন। এ সময় তাঁদের মধ্যে হাতাহাতি হয়েছে। বাঘাইছড়ি ছাত্রদলের সভাপতি মো. সেলিম বলেন, ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা বিনা উসকানিতে তাঁদের ওপর হামলা চালান ও অনুষ্ঠান-মঞ্চ ভাঙচুর করেন।