বাঘাইছড়িতে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষে পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গতকাল বুধবার ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বাঘাইছড়ি যুবলীগের সভাপতি মো. শাহরিয়ার হোসেন গত মঙ্গলবার হামলার শিকার হন। রাঙামাটি সদর হাসপাতালে চিকিৎসা শেষে কাল বাঘাইছড়িতে পৌঁছার সঙ্গে সঙ্গে যুবলীগের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তাঁরা আওয়ামী লীগ ও ছাত্রলীগকে দায়ী করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে চৌমুহনী মুক্তমঞ্চে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। পরে পুলিশ ও বিজিবির সদস্যরা এসে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে যুবলীগের সমর্থক মো. কামাল, মো. হারুন, মো. মুজিবর রহমান, মো. আবদুর রশিদ, মো. জিন্নাত আলী ও ছাত্রলীগের সভাপতি অভিষেক চাকমা আহত হন। এ ছাড়া পুলিশের চারজন সদস্য মো. ফিরোজ, মো. বেল্লাল, মো. নাজিম ও মো. ওয়াহিদুল আহত হয়েছেন। আহত ছাত্রলীগের সভাপতি অভিষেক চাকমা বলেন, ‘কে বা কারা রাঙামাটিতে শাহরিয়ার হোসেনকে মারধর করেছে। এখানে এসে ছাত্রলীগ ও জেলা পরিষদের সদস্য বৃষকেতু চাকমাকে গালমন্দ ও উসকানিমূলক স্লোগান দিচ্ছে। ছাত্রলীগের কিছু কর্মী উত্তেজিত হয়ে সমাবেশে হামলা করে। আমি তাদের ফেরানোর চেষ্টা করলে আমার ওপর হামলা করা হয়।’ যুবলীগের সাধারণ সম্পাদক জগৎ দাশের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া যায়।বাঘাইছড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোহরাওয়ার্দী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।