বাঘাইছড়িতে ছয় হাজার একর জমিতে বোরো চাষ অনিশ্চিত
সময়মতো কাপ্তাই বাঁধের পানি ছেড়ে দেওয়া হয়নি। তাই রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বিপুল পরিমাণ জমি রয়েছে কয়েক ফুট পানির নিচে। এতে উপজেলার প্রায় ছয় হাজার একর জমিতে এবার বোরোর আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় সাত হাজার ৬৬৬ একর বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৮০ শতাংশের বেশি চাষযোগ্য জমি পাঁচ-সাত ফুট পানির নিচে রয়েছে। এ ছাড়া মাহিল্যা এলাকায় এক হাজার একরের বেশি জমি পানির নিচে আছে। এই জমি অবশ্য বাঘাইছড়ি কৃষি কার্যালয়ের জরিপের বাইরে। সব মিলিয়ে প্রায় ছয় হাজার একর জমিতে এবার বোরোর আবাদ করা যাবে কি না, এই আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছর জানুয়ারি মাসের শুরুতেই অধিকাংশ চাষি বোরোর চারা রোপণ শেষ করেন। কিন্তু এ বছর এখনো অনেকে বীজতলা তৈরি করতে পারেননি। শিগগির বোরোর আবাদ শুরু করা না গেলে বর্ষা মৌসুমে তাঁদের খেতের আধাপাকা ধান তলিয়ে যাবে। ফসল আর ঘরে তোলা সম্ভব হবে না। উপসহকারী কৃষি কর্মকর্তা সুরেশ্বর চাকমা বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এ বছর পানি ছেড়ে যাচ্ছে না।’সারোয়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান যতীন রায় চাকমা বলেন, ‘আমার ইউনিয়নের প্রায় এক হাজার ৫০০ একর জমিতে বোরোর আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকদের অনুরোধে পার্বত্য প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে গিয়েছিলাম। তিনি বলেছেন, বিদ্যুতের চাহিদা মেটানোর জন্য কাপ্তাই বাঁধে এ বছর পানি ধরে রাখা হয়েছে।’ কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মো. ফেরদৌস আলী বলেন, বিদ্যুৎ উৎপাদনের চাহিদা অনুযায়ী পানি ছেড়ে দেওয়া হচ্ছে। বাঁধের পানি আস্তে আস্তে কমে যাবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহামঞ্চদ রেহান উদ্দিন বলেন, ‘আমার মনে হয় লেকে প্রচুর পলি জমে গেছে। খনন করা না হলে নৌ চলাচল ও বোরো চাষ হুমকির মুখে পড়বে। বোরোচাষিদের উদ্বেগের বিষয়টি আগামী মাসিক সমন্বয় সভায় উত্থাপন করা হবে।’