বাঘাইছড়িতে জরুরি আইনশৃঙ্খলা সভা
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আদিবাসীদের ভেতর আতঙ্ক ও বাঙালিদের মধ্যে ক্ষোভ দেখা দেওয়ায় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে জরুরি আইনশৃঙ্খলা সভার আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমার সভাপতিত্বে জরুরি আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী, পৌর মেয়র মো. আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, বাঘাইছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, সাবেক পৌর প্রশাসক নিজাম উদ্দিন, বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অলিভ চাকমা, মারিশ্যা ইউপি চেয়ারম্যান তন্টুমনি চাকমা, কাচালং ডিগ্রি কলেজের প্রভাষক দেবপ্রসাদ দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন, কার্বারি সমিতির সভাপতি দীপংকর তালুকদার, কাচালং বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ভদ্রসেন চাকমা, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল শুক্কুর মিয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. মুন্সি মিয়া, মো. সেলিম উদ্দিন বাহারী প্রমুখ। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৩০ জানুয়ারি উপজেলা সদরের চৌমুহনী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে বিপিন চাকমা ও মো. রফিক আহত হন। এর মধ্যে বিপিনকে গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসার জন্য প্রথমে খাগড়াছড়ি পরে চট্টগ্রামে নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কজোইছড়ি এলাকায় আবারও সশস্ত্র সন্ত্রাসীরা তিন বাঙালি কাঠুরিয়াকে বেধড়ক মারধর করে। এতে আদিবাসীদের ভেতর আতঙ্ক ও বাঙালিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।