বাঘাইছড়িতে তিরের আঘাতে যুবকের মৃত্যু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নে গতকাল সোমবার অজ্ঞাতনামা ব্যক্তির ছোড়া তিরের আঘাতে এটম চাকমা (৩০) নামের এক যুবক মারা গেছেন। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
স্থানীয় গ্রামবাসী জানান, এটম চাকমা রাঙাদূরছড়ির নিজ গ্রাম থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নিজের কলাবাগানে কাজ করতে যান। দুপুর ১২টার দিকে কে বা কারা তাঁকে লক্ষ্য করে একটি ছাতার শলাকা দিয়ে তৈরি তির ছুড়ে মারে। তিরটি বুকে বিদ্ধ হলে তিনি চিৎকার করতে থাকেন।
এ সময় লোকজন এটম চাকমাকে উদ্ধার করে গ্রামে নিয়ে যান। তবে তিরটি শরীর থেকে বের করতে না পারায় খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে পাঁচটার দিকে এটম চাকমা মারা যান।
খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমলেন্দু বিকাশ চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটম চাকমার সঙ্গে কারও শত্রুতা আছে কি না জানি না। তবে তাঁকে লক্ষ্য করে যেভাবে তিরটি ছোড়া হয়েছে, সেটা অনিচ্ছাকৃত নয় বলে আমাদের ধারণা। পরিবারের লোকজনও বলতে পারছে না কে তির মারতে পারে।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ‘আমরা ঘটনাটি শুনেছি। তবে এখনো কেউ অভিযোগ বা মামলা করেনি।’