বাঘাইছড়িতে ত্রাণ পেল ২০৮ পরিবার
বন্যা আর নদী-ভাঙনের উপর্যুপরি আঘাতে বাস্তুহারা হন প্লাবন চাকমা ও বিশেষ চাকমা। তাঁরা দুজনই এখন আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে রাঙামাটি বাঘাইছড়ির বাড়িবিন্দুঘাটে গতকাল তাঁদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
ত্রাণ পেয়ে প্লাবন চাকমা বললেন, ‘আমরা বন্যায় সবকিছু হারিয়েছি। এ মুহূর্তে ত্রাণ পেয়ে অত্যন্ত খুশি আমরা। এ ত্রাণ দিয়ে দুই পরিবার দুদিনের খাবার হবে। এত দিন আত্মীয়দের কাছ থেকে ধার নিয়ে পেট চলছে।’
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাতটি বন্যাকবলিত স্থানে গতকাল ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম ও বাঘাইছড়ি বন্ধুসভার সদস্যরা। প্রথম আলো ট্রাস্টে উদ্যোগে এদিন সব মিলিয়ে উপজেলার ২০৮টি পরিবারকে ত্রাণ সহায়তা দেওয়া হয়।
সকাল নয়টায় বাঘাইছড়ি পৌর এলাকার মাদ্রাসাপাড়ায় ২০টি পরিবার, এফ ব্লকে ১২টি পরিবার, মুসলিম ব্লকে ৩৫টি পরিবার, গুচ্ছগ্রামে ২০টি পরিবার, হাজীপাড়ায় ১৮টি পরিবার, মাস্টারপাড়ায় ২৩টি পরিবার, বাঘাইছড়ি ইউনিয়নের লাল্যাঘোনা বেপারীপাড়ায় ২৮টি পরিবার ও মারিশ্যা ইউনিয়নের বাড়িবিন্দুঘাট এলাকায় ৫২টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
মুসলিম ব্লকের দিনমজুর মো. জহিরুল ইসলাম ত্রাণ পেয়ে বলেন, ‘বন্যায় আমার বাড়ি তলিয়ে গেছে। সব জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। আজকের ত্রাণ পেয়ে অনেক উপকার হলো।’
ত্রাণের মধ্যে ছিল দুই কেজি চাল, এক কেজি চিড়া, এক কেজি মুড়ি, এক লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, পাঁচ প্যাকেট ওরস্যালাইন, ২৫০ গ্রাম গুঁড়ো দুধ, একটি শাড়ি, একটি লুঙ্গি, এক প্যাকেট বিস্কুট, থালাবাসন, চামচ ও রান্নার হাঁড়ি।
ত্রাণ বিতরণের সময় কাচালং ডিগ্রি কলেজের শিক্ষক ও বাঘাইছড়ি বন্ধুসভার সভাপতি মীর কামাল হোসেন, চট্টগ্রামের বন্ধুসভার সহসভাপতি শিহাব জিশান, সাধারণ সম্পাদক জাকিয়া কবির, সদস্য নুরুদ্দিন আকবর, ইকবাল জিশান, সাঈদ আল হোসেন এবং বাঘাইছড়ি বন্ধুসভার সদস্য লিটন দত্ত, মো. জায়েদ খান, বিথি খানম, ফারজানা ইয়াসমিন, শান্তি দেব প্রমুখ উপস্থিত ছিলেন।