বাঘাইছড়িতে ত্রিপক্ষের গুলিবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নে বেশ কয়েকটি স্থানে ত্রিপক্ষের মধ্যে গুলিবিনিময় হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত থেমে থেমে এ গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকাল পৌনে নয়টার দিকে জীবতলী এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি (সন্তু) সশস্ত্র পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়। এক ঘণ্টা পর আবার বাঘাইছড়ি রাবার বাগান এলাকায় গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। বিজিবিও পাল্টা গুলি ছোড়ে।
পরে উগলছড়ি রাবার বাগান এলাকায় ইউপিডিএফ ও জনসংহতি সমিতির মধ্যে আবার বন্দুকযুদ্ধ হয়। এভাবে সাড়ে ১২টা পর্যন্ত গুলিবিনিময় চলে। ঘটনা শুরু হওয়ার আগে ভয়ে ওই এলাকা থেকে অর্ধশতাধিক পরিবার পালিয়ে গেছে। পরে সেনাবাহিনী ও বিজিবি ঘটনাস্থলে গেলে দুই পক্ষের সশস্ত্র সদস্যরা চলে যান বলে জানা গেছে। বাঘাইছড়ি রাবার বাগান এলাকার এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, তাঁদের এলাকায় দুই পক্ষের মধ্যে প্রায় সময়ই বন্দুকযুদ্ধ হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিক উল্লাহ বলেন, ঘটনার পর বিজিবি ও সেনাবাহিনী ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেছে।
৩৯ বিজিবির মারিশ্যা জোন অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সন্ত্রাসীদের গুলিবিনিময়ের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলের দিকে এগিয়ে গেলে আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে আমাদেরও আত্মরক্ষার্থে গুলি করতে হয়। আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দেখলাম ভয়ে অনেক নিরীহ মানুষ পালিয়ে গেছে।’ উভয় পক্ষের মধ্যে দুই থেকে তিন হাজারটি গুলিবিনিময় হয়েছে বলে তিনি জানান।