বাঘাইছড়িতে থানা ও মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক থানা ও নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সহযোগী তিন সংগঠন।
গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও সাজেক ভূমি রক্ষা কমিটি উপজেলা প্রশাসনিক মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে। মিছিলটি উপজেলা ও মসজিদ মার্কেট প্রদক্ষিণ করে চৌমুহনী এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সাজেক ভূমি রক্ষা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা সভাপতিত্ব করেন।
এ সময় বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা যুব ফোরামের সহসভাপতি অঙ্গত চাকমা, উপজেলা শাখার পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিউটন চাকমা, কাচালং কলেজের সভাপতি সোহেল চাকমা ও রিপন জ্যোতি চাকমা প্রমুখ।
বক্তারা জানান, দুর্গম সাজেকে আদিবাসীরা নিরীহ ও সহজ-সরল। আইন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যুগ যুগ ধরে নিজেরাই সমস্যাগুলো মীমাংসা করে আসছে। নিরীহ মানুষগুলোকে হয়রানি করার জন্য এ থানা স্থাপন করা হয়েছে। সাজেক থানায় ইউপিডিএফের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা আরও জানান, সাজেকে বিজিবি জোন ও পর্যটনের নামে ভূমি দখলের পাঁয়তারা করছে সরকার। আদিবাসীদে ভূমি দখল বন্ধ করার দাবি জানান। ১২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর সাজেক ইউনিয়নের মাচালং এলাকায় নতুন থানার উদ্বোধন করেন। এতে স্থানীয় আদিবাসীরা অনুষ্ঠানে বাধা, ভয়ভীতি ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মারধর ও লাঞ্ছিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার রাতে ইউপিডিএফের সাজেক ইউনিট-প্রধান জুয়েল চাকমাসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দেড় শতাধিক আসামি করে মামলা করা হয়।