বাঘাইছড়িতে দুই ভারতীয় আটক
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় ভারতের মেঘালয়ের বিচ্ছিন্নতাবাদী দলের দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আটক ব্যক্তিরা হলেন: সাম খাসিয়া (২৪) ও এডি খাসিয়া (২৮)। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে সাম খাসিয়া ও এডি খাসিয়া বাঘাইহাট এলাকায় পৌঁছার পর সেনাবাহিনীর সদস্যরা চ্যালেঞ্জ করেন। একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন কাউন্সিলের সদস্য বলে স্বীকার করেন। সঙ্গে সঙ্গে তাঁদের বাঘাইহাট সেনা জোনে নেওয়া হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তাঁদের বাঘাইছড়ি থানায় নেওয়া হয়।বাঘাইছড়ি থানায় উপপরিদর্শক (এসআই) সোহরাওয়ার্দী বলেন, থানায় তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য।বাঘাইহাট সেনা জোনের মেজর মোছাদ্দেক রশিদ বলেন, চলাফেরার গতি দেখে সাম খাসিয়া ও এডি খাসিয়াকে চ্যালেঞ্জ করা হয়। পরে জিজ্ঞাসাবাদে ভারতের মেঘালয় রাজ্যের বিচ্ছিন্নতাবাদী দলের সদস্য বলে তাঁরা স্বীকার করেন। রাত আটটায় পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করা হয়েছে বলে ওই সেনা কর্মকর্তা জানান।